May 25, 2026, 3:23 pm

মাধ্যমিকে হবে না বার্ষিক পরীক্ষা, এসাইনমেন্টে মূল্যায়ন

মাধ্যমিকে হবে না বার্ষিক পরীক্ষা, এসাইনমেন্টে মূল্যায়ন

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বাতিল করা হয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পরবর্তী ক্লাসে উন্নীত করতে এনসিটিবি নতুন করে একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে। তার আলোকে শিক্ষার্থীদের জন্য অ্যাসাইন্টমেন্ট করতে দেওয়া হবে। এটি মূল্যায়নের মাধ্যমে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে।

আজ বুধবার (২১ অক্টোবর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এবার মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না। শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এরজন্য একটা অ্যাসাইনমেন্ট আমরা ডিজাইন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে সেই অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে শিক্ষার্থীরা জমা দিবেন। খুব দ্রুত এ সিলেবাস শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হবে।

তিনি বলেন, এবারের যে পরিস্থিতি সেই পরিস্থিতির জন্য কোন পরীক্ষা নয়। এই মূল্যায়নে যাতে শিক্ষার্থীদের কোন চাপ সৃষ্টি না হয় সেটি দেখছি। এটি শুধু আমাদের বুঝার জন্য শিক্ষার্থীদের কোথায় কোথায় দুর্বলতা আছে, তাহলে পরবর্তী ক্লাসে তাদের কিভাবে অতিরিক্ত ক্লাস করানো হবে বা কিভাবে বোঝাবার চেষ্টা করব সেই ব্যবস্থা নেবো। তবে এবার কোন বার্ষিক পরীক্ষা হচ্ছে না।

ডা. দীপু মনি বলেন, আমরা মাধ্যমিকের শিক্ষার্থীদের একটি মূল্যায়নের পরিকল্পনা করেছি। এক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়ন করা হবে। এজন্য ৩০ কর্মদিবসে সম্পন্ন করা যায় এমন সিলেবাস প্রণয়ন করেছে এনসিটিবি। আমরা লক্ষ্য রাখছি যাতে তাদের শারিরিক মানসিক ক্ষতি না হয় এবং শিক্ষার্থীরাও তাদের দুর্বলতাগুলো বুঝতে পারে। শিক্ষার্থীদের পরের ক্লাসে যাওয়ার জন্য যতটুকু জানা প্রয়োজন সেটি বিবেচনায়ই এ সিলেবাস তৈরি করা হয়েছে। এই সিলেবাসের মধ্যেই প্রত্যেক সপ্তাহের জন্য একটি অ্যাসাইমেন্ট ডিজাইন করা হয়েছে।

পরবর্তী ক্লাসে উঠতে এ মূল্যায়ন পদ্ধাতি কোন প্রভাব ফেলবে না বলেও জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর বার্ষিক পরীক্ষা নেওয়া হচ্ছে না। এর পরিবর্তে অন্যভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিশুদের কোনো ধরনের পরীক্ষা ছাড়াই পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

করোনা ভাইরাস আতঙ্কে গত ১৬ মার্চ থেকে সারাদেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। টানা ৭ মাস ধরে দেশের প্রাক্-প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠদান পুরোপুরি বন্ধ রয়েছে। এতে জটে পড়েছে পরীক্ষা। এ পরিস্থিতি সরকার এরইমধ্যে এ বছরের প্রাথমিক সমাপনী, ইবতেদায়ি সমাপনী, জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা করেছে।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক চৌধুরী এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com