May 25, 2026, 1:45 pm

নিষেধাজ্ঞা সত্ত্বেও ইলিশ ধরায় ১৭৮ জেলের জেল-জরিমানা

নিষেধাজ্ঞা সত্ত্বেও ইলিশ ধরায় ১৭৮ জেলের জেল-জরিমানা

মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম তিন দিনে (১৪-১৬ অক্টোবর) দেশের আটটি বিভাগে ৪৪২টি ভ্রাম্যমাণ আদালত ও তিন হাজার ৫৯টি অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে নয় কোটি ১৩ লাখ চার হাজার টাকা মূল্যের ৬৫ লাখ ৯৯ হাজার ২০০ মিটার কারেন্ট জালসহ ৪৪৫টি অন্যান্য অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া তিন দশমিক ৩৬ মেট্রিক টন ইলিশ মাছ আটক করা হয়েছে।

এ সময়ের মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণের কারণে মৎস্য আইনের আওতায় ১৭৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে জেল দেয়া হয়েছে। একইসঙ্গে ছয় লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়। মামলা হয়েছে ২৭৩টি।

এ বিষয়ে একটি প্রতিবেদন মৎস্য অধিদফতরে স্থাপিত মা ইলিশ সংরক্ষণ অভিযান নিয়ন্ত্রণকক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার।

এই ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় আইনত দণ্ডনীয় অপরাধ।

আইন অমান্যকারীকে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com