October 7, 2026, 6:37 am
আল্লাহ, রাসূল (সা.) ও ইসলাম ধর্মকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে সুজন দে নামে এক ব্যক্তিকে সাত বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের কারাভোগের আদেশ দেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামস জগলুল হোসেন এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের পেশকার শামিম আল মামুন গণমাধ্যমকে বলেন, রায় ঘোষণার সময় আসামি সুজন দে আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায় যে, ২০১৭ সালের ২০ মে আসামি ‘জানা-অজানা’ নামে তার ফেসবুক আইডি থেকে আল্লাহ, রাসূল (সা.) ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে পোস্ট দেন সুজন দে। ওই ঘটনায় ‘ধর্মানুভূতিতে আঘাতের’ অভিযোগ এনে রাঙামাটি জেলার লংগদু থানার পুলিশ উপ-পরিদর্শক সালাউদ্দিন সেলিম মামলাটি দায়ের করেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ২০১৭ সালের ৩০ আগস্ট সুজন দে’র বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ২৬ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় বিচার চলাকালে বিভিন্ন সময়ে সাত জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন আদালত।