October 7, 2026, 5:14 am

জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ হাইকোর্টের

জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ হাইকোর্টের

ভুল আসামি হয়ে বিনা দোষে কারাভোগ করতে বাধ্য হওয়া পাটকল শ্রমিক জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ব্র্যাক ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক মাসের মধ্যে ব্র্যাক ব্যাংককে এই অর্থ পরিশোধ করতে হবে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) এই আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাসার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

‘ভুল আসামি’ হয়ে দুদকের ২৬ মামলায় তিন বছর কারাগারে থাকার পর হাইকোর্টের আদেশে গত বছরের ৩রা ফেব্রুয়ারি মুক্তি পান জাহালম।

আবু সালেক নামে একজনের বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ২৬টি মামলা রয়েছে। সেই মামলায় আবু সালেকের বদলে কারাভোগ করতে বাধ্য হন জাহালম।

এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর হাইকোর্ট তাকে মুক্ত করার আদেশ দেন।

দুদকের ভুল মামলায় বিনা দোষে আসামি হয়ে ২৬ মামলায় প্রায় তিন বছর কারাভোগ করা জাহালম মুক্তির পর হাইকোর্টে ক্ষতিপূরণ চেয়ে রিট করেন। এ রিট আবেদনের ওপর রায় ঘোষণার তারিখ ছিল গতকাল মঙ্গলবার। রায় ঘোষণার জন্য হাইকোর্টের আজকের দৈনন্দিন কার্যতালিকায় থাকা এ আবেদনের ওপর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় ঘোষণার নতুন তারিখ ধার্য করেন।

গত ২৩ সেপ্টেম্বর আইনজীবীদের শুনানি শেষে হাইকোর্ট গতকাল ২৯ সেপ্টেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছিলেন।

২০১৯ সালের জানুয়ারিতে একটি জাতীয় দৈনিকে ‘স্যার, আমি জাহালম, সালেক না…’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত। এ বিষয়ে হাইকোর্ট দুদক ও মামলার বাদীসহ চারজনকে তলব করেন। ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট জাহালমকে মুক্তির নির্দেশ দেন। একই সঙ্গে জাহালমের বিষয়ে দুদকের কাছে ব্যাখ্যা চায় হাইকোর্ট। দুদক জাহালমের বিষয়ে প্রতিবেদন পেশ করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে।

দুদকের প্রতিবেদনের পর ব্যাংক ঋণ জালিয়াতির ৩৩ মামলার এফআইআর, চার্জশিট, সম্পূরক চার্জশিট ও ব্যাংকের এ সংক্রান্ত সব নথিপত্র পেশ করতে বলা হয়। পরে অনুসন্ধানে বেরিয়ে আসে, আবু সালেকের বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ৩৩টি মামলা হয়েছে। কিন্তু আবু সালেকের বদলে জেল খেটেছেন জাহালম। এসব মামলায় আদালতে হাজিরাও দিতে হচ্ছে পাটকল শ্রমিক জাহালমকে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com