August 27, 2026, 7:36 pm
পুঁজিবাজারে বিমা খাতে সর্বশেষ তালিকাভুক্ত কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। অথচ তালিকাভুক্তির প্রথম বছরেই অর্থাৎ ২০১৯ সালের জন্য শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ডের ঘোষণা করে কোম্পানির পরিচালনা পরিষদ। এমন খবরে মঙ্গলবার বাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ২টাকা অর্থাৎ ৬ শতাংশ কমে গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, ভালো মুনাফা করার পরও সোমবার কোম্পানির পরিচালনা পরিষদ ২০১৯ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করে। সোমবার কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৩১ দশমিক ৩০ টাকায়। আর মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) লেনদেন শুরু হয় ২৮ দশমিক ২০ টাকায়। তবে দিনের শেষ লেনদেন হয় ২৯ দশমিক ৩০ টাকায়।
এদিকে এক্সপ্রেস ইন্স্যুরেন্স পর্ষদ সভায় কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এমন খবরে বিনিয়োগকারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে নিউজ হওয়ার প্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আজ এক্সপ্রেস ইন্স্যুরেন্স-কে কমিশনে ডেকে পাঠায়।
আজ মঙ্গলবার সকালে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি সহ তিন সদস্যের প্রতিনিধি কমিশনে এসে আলোচনায় অংশ নেন। আলোচনায় সিদ্ধান্তের আলোকে তারা আবার রিভাইজড করবে।অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করবে।
এ সম্পর্কে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের কোম্পানি সেক্রেটারি লিয়াকত আলী খান অর্থসূচককে বলেন, কমিশনের সাথে ভালো আলোচনা হয়েছে। খুব শীঘ্রই বিনিয়োগকারীরা সুখবর পাবেন। কমিশনের সিদ্ধান্তের আলোকে আমরা আবার রিভাইজড করবো।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের বিনিয়োগকারীদের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা গতকাল আমাদের নজরে এসেছে। এতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে বলে আমরা মনে করি। পাশাপাশি গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। সব মিলিয়ে বিএসইসি এক্সপ্রেস ইন্স্যুরেন্সকে ডেকে পাঠিয়েছিল। আজ কমিশনের সাথে কোম্পানিটির ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এর আগে গতকাল সোমবার এক্সপ্রেস ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয়।
সূত্র মতে, ২০১৯ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা। আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.০৪ টাকায়।
কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে কোম্পানির শেয়ার রয়েছে ৬০শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৬ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৪ শতাংশ শেয়ারের দাম।