April 18, 2026, 10:59 pm

আবারও উর্ধ্বমুখী পেঁয়াজের দর, কোথায় গিয়ে থামবে এবার

আবারও উর্ধ্বমুখী পেঁয়াজের দর, কোথায় গিয়ে থামবে এবার

আবারো বাজারে হু হু করে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। পাইকারি পর্যায়ে দু’দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমলেও খুচরা বাজারে বেড়েছে। খুচরা বাজারে নতুন করে কেজিতে ১৫ টাকা বাড়ানো হয়েছে। আবারো কি গত বছরের মতো সেই দামে পেঁয়াজ কিনতে হবে এটাই আশঙ্কা সাধারণ মানুষের মধ্যে। এবারও কি সেই ৩০০ টাকা হবে

রোববার রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বোচ্চ ৭০ টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, খুচরা বিক্রেতারা কারসাজি করে দাম বাড়িয়ে বিক্রি করছেন। তাই বাজারে মনিটরিং জোরদার করা দরকার। মনিটরিং না বাড়ালে খুচরা বিক্রেতারা দাম আরও বাড়াবেন।

নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম বাড়ার চিত্র সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজার মূল্য তালিকায় দেখা গেছে। টিসিবি বলছে, এক মাসের ব্যবধানে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৬৬ দশমিক ৬৭ শতাংশ। আর আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ৮১ দশমিক ৮২ শতাংশ।

জানতে চাইলে ভোক্তার স্বার্থ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ বলেন, পণ্যটি নিয়ে যারা কারসাজি করছেন তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া অন্যান্য নিত্যপণ্যের দামও হু হু করে বাড়ছে। সেদিকেও সংশ্লিষ্টদের নজর দিতে হবে। সঙ্গে কঠোর মনিটরিং করে দাম ভোক্তা সহনীয় করতে হবে।

রোববার রাজধানীর পাইকারি আড়ত শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে কথা বলে জানা যায়, এদিন পাইকারি পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ টাকা; যা শুক্রবার বিক্রি হয়েছে ৪৮-৫০ টাকা। আর আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছে ৩৫ টাকা; যা দু’দিন আগে বিক্রি হয় ৪০ টাকা।

এছাড়া রাজধানীর কারওয়ান বাজার, নয়াবাজার ও মালিবাগ কাঁচাবাজারের খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এ দিন প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৫-৭০ টাকা; যা এক দিন আগে বিক্রি হয়েছে সর্বোচ্চ ৫৫ টাকা। আর আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছে ৫৫-৬০ টাকা; যা এক দিন আগে বিক্রি হয়েছে ৫০ টাকা।

শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারক শংকর চন্দ্র ঘোষ বলেন, কয়েকটি কারণে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির সরবরাহে ঘাটতি থাকায় দাম বেড়েছে। তবে গত দু’দিন থেকে পাইকারি পর্যায়ে সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। সর্বশেষ ভারত থেকে তিন হাজার টন পেঁয়াজ পাইকারি পর্যায়ে এসে পৌঁছেছে। তাই দাম আরও কমবে। তবে আজ দেখছি খুচরা বাজারে বিক্রেতারা পেঁয়াজের কেজি ৭০ টাকা পর্যন্ত বিক্রি করছেন। তিনি জানান, এগুলো তাদের কারসাজি। তারা যে পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি করছেন সেগুলো ৪৫-৫০ টাকা কেজি দরে কেনা।

তবে বিক্রি করছেন বাড়তি দরে যা একেবারেই ঠিক নয়। তাই বাজার মনিটরিং করে দাম কমিয়ে ভোক্তার নাগালে আনতে হবে।

গতবছর ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ার পর দেশে একদিনেই পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়াই। এরপর সেদাম উঠতে উঠতে ৩০০ টাকা দরেও বিক্রি হয়। এবারও কি গতবারের মতো দাম বাড়বে কিনা তেমনি আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com