July 12, 2026, 1:43 pm
আজ ১০ মুহাররম, পবিত্র আশুরা। বিশ্ব মুসলিমের জন্য গভীর শোকাবহ দিন। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। আরবি হিজরি সন অনুসারে ১০ মহররম কারবালায় হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিনটি সারাবিশ্বের মুসলমানরা ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করে।
আরবি ‘আশারা’ শব্দের অর্থ ১০। আর এ জন্যই হিজরি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখ আজকের দিনটিকে ‘আশুরা’ বলে অভিহিত করা হয়। গত ২১ আগস্ট থেকে পবিত্র মুহাররম মাসের গণনা শুরু হয়। সে হিসেবে আজ (৩০ আগস্ট) হচ্ছে ১০ মুহাররম, যে দিনটি পবিত্র আশুরা হিসেবে পালিত হয়। এই দিন হযরত ইমাম হোসাইন ইবনে আলী (রাঃ) হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। দেশে শিয়া সম্প্রদায় মুহররম মাসের প্রথম ১০ দিন শোক স্মরণে নানা কর্মসূচি পালন করে।
এদিকে পবিত্র আশুরা উপলক্ষে আজ সারা দেশে সরকারি ছুটি। এ উপলক্ষে বিভিন্ন দৈনিক পত্রিকা বিশেষ নিবন্ধ প্রকাশ করবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি রেডিও এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আশুরার তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
এছাড়া আশুরা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন রাজধানী ঢাকাসহ দেশব্যাপী নানা কর্মসূচি নিয়েছে। প্রশাসনের অনুমতি না থাকায় এবার ইমামবাড়ার হোসেনি দালান প্রাঙ্গণে তাজিয়া মিছিল হলেও তা বাইরে বের হবে না। আশুরার দিনে তাজিয়া মিছিল বের করা হয় শোকের আবহে। মূলত ইমাম হোসেন (রাঃ) এর সমাধির প্রতিকৃতি নিয়ে এই মিছিল হয়। আরবি ‘তাজিয়া’ শব্দটি শোক ও সমবেদনা প্রকাশ করতে ব্যবহার করা হয়। তবে স্বাস্থ্যবিধি মেনে মাতম-মর্সিয়ার আয়োজন করা হয়েছে ইমামবাড়ায়। কিন্তু এসব অনুষ্ঠানস্থলে দাঁ, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পট্কা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ।