April 18, 2026, 5:48 pm
সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি। বৃহস্পতিবার বৃষ্টির মধ্যেই অনুশীলন চালিয়ে গেছেন মুশফিকুর রহিম, তামিম ইকবালরা। এদিকে শ্রীলংকা সফরের জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রাথমিক দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শ্রীলংকায় অনুশীলন ক্যাম্প শেষে চূড়ান্ত দল ঘোষণা করা হবে। দীর্ঘদিন ক্রিকেটাররা খেলার মধ্যে না থাকায় এ সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। জাতীয় দলের সঙ্গে শ্রীলংকা সফরে যাওয়া হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্ষেত্রে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটাররা প্রাধান্য পাচ্ছেন।
শ্রীলংকা সফরের দল নির্বাচন নিয়ে বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজে আমরা শেষবার টেস্ট খেলেছি। অনেকদিন ধরে আমাদের খেলা নেই। অনুশীলনেও নেই। তাই অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছি।
শ্রীলংকায় গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার পর আমরা চূড়ান্ত দল ঘোষণা করব।’ তিনি বলেন, ‘প্রাথমিক দল নিয়ে সেখানে যাব। শ্রীলংকায় অনুশীলন সেশন অনেক গুরুত্বপূর্ণ। পাঁচ মাস একটা লম্বা বিরতি গেল। মানসিক দিক দিয়ে কত দ্রুত প্রস্তুত হওয়া যায় সেটাও দেখার আছে। এখান থেকে ২০-২২ জন নিয়ে যাচ্ছি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পুরো স্কোয়াড প্রস্তুত করব।’
এদিকে জাতীয় দলের জন্য ৩৮ ক্রিকেটারের করোনা পরীক্ষা করাবে বিসিবি। মিনহাজুল বলেন, ‘আমাদের ৩৮ জনের একটা পুল আছে। সবার করোনা টেস্ট হবে। ২৪ জনের এইচপি স্কোয়াডও যাচ্ছে। যাকে যখন দরকার হবে ব্যবহার করা হবে। দেশে তিনবার করোনা পরীক্ষা করে সেখানে গিয়ে আরেকটা টেস্ট হবে। দ্বিতীয়বার টেস্ট না করলে বোঝা যাবে না কে নেগেটিভ।’
এইচপি নিয়ে কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘ক্রিকেটারদের বাসায় গিয়ে করোনার নমুনা সংগ্রহ করা হবে। নেগেটিভ ক্রিকেটাররাই শুধু ক্যাম্পে যুক্ত হবে। ২৫-২৬ জন ক্রিকেটারের দুই ভাগে নমুনা সংগ্রহ করা হবে।’
তিনি বলেন, ‘এরমধ্যে চাপ, চ্যালেঞ্জ থাকবে। নিউজিল্যান্ড একদিন ঘোষণা দেয় তারা কোভিডমুক্ত দেশ। তারপর দেখা যাচ্ছে সংক্রমিত রোগী পাওয়া গেছে সেদেশে। সুতরাং চিন্তার মধ্য দিয়ে থাকতে হচ্ছে। আমাদের কোচিং স্টাফ নিয়ে কোনো সমস্যা নেই। প্রধান কোচ আসবেন। বোলিং কোচ চম্পাকা রামানায়েকে শ্রীলংকাতেই আছেন।’