May 30, 2026, 5:39 pm

ডিএসইর ওয়েবসাইটে ঢুকতে সমস্যা, ক্ষতির মুখে বিনিয়োগকারীরা

ডিএসইর ওয়েবসাইটে ঢুকতে সমস্যা, ক্ষতির মুখে বিনিয়োগকারীরা

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ওয়েবসাইটের বিভ্রান্তিতে ক্ষতির মুখে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। তাদের মতে, ডিএসইর আপডেট ভার্সনের ওয়েবসাইট ভিজিট করতে না পারায় নির্ধারিত সময়ে শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারছেন না।

বৃহস্পতিবার (২০ আগস্ট) একাধিক বিনিয়োগকারী লেনদেনের শুরুতে ওয়েবসাইট ভিজিট করতে না পারায় এমন অভিযোগটি করেছেন।

বিনিয়োগকারীরা বলেন, গত দু’দিন ধরে আমরা সাইটে ঢুকতে পারছি না। নতুন সাইট উদ্বোধন হয়েছে আমরা মনে করেছিলাম আগের চেয়ে দ্রুত সময়ে সাইট ভিজিট করতে পারবো, কিন্তু সেটি সম্ভব হচ্ছে না। এখন লেনদেন করতে সিকিউরিটিজ হাউজে ফোন করে ট্রেডারের কাছ থেকে খবর নিতে হচ্ছে। এরপর শেয়ার ক্রয়-বিক্রয় করছি। একজন ট্রেডারকে কতবার ফোন দেওয়া যায়। এতে আমরা নিজেরাও বিভ্রান্তির মধ্যে পড়ছি বলে জানান তারা।

ওয়েবসাইট দেখতে না পারার কারণে কোনো ক্ষতির মুখে পড়লে সেই ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। পাশাপাশি স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএসইসিকে অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ, বেশ ঘটা করে মাত্র একদিন আগে ওয়েবসাইটের নতুন ভার্সন উদ্বোধন করেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। দাবি করা হয়েছিল, এটি উন্নত ভার্সন ও ব্যবহারকারীবান্ধব। আছে আগের ওয়েবসাইটের চেয়ে আপডেট। কিন্তু ওয়েবসাইটের উন্নত ভার্সন মূলত বিনিয়োগকারীদের দুর্ভোগের উন্নতি ঘটিয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করলে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক বলেন, কারিগরি সমস্যার কারণে এমন হয়েছে। সমাধানের চেষ্টা চলছে।

ডিএসইর আইটি বিভাগের ডিজিএম রেজাউর রহমান বলেন, ভিজিটর অনেক বেড়ে যাওয়ার কারণে এমন সমস্যা দেখা দিয়েছে। তারা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করছেন।

তবে তার যুক্তি এই ধোপে টেকে না। কারণ একদিনের ব্যবধানে রাতারাতি ভিজিটর বেড়ে কয়েকগুণ হয়ে যায়নি। নতুন ভার্সন চালুর আগে প্রায় সমসংখ্যক ভিজিটর ডিএসইর ওয়েবসাইটে হিট করেছে। কিন্তু তখন সমস্যা হয়নি। মূলত ওয়েবসাইটটি মানসম্পন্ন না হওয়া আর প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা না করেই চালু করে দেওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। বাজারে বিনিয়োগকারী বেড়ে কয়েকগুণ হলেও যাতে সমস্যা না হয় এমন বিবেচনা রেখে ওয়েবসাইট তৈরি ও হোস্টিং সার্ভার নেওয়া হলে এই দুর্ভোগ এড়ানো যেত।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএসইসির মুখপাত্র ও ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে বিএসইসির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে যোগাযোগও করা হয়েছে। তারা জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যে সমস্যার সমাধান হবে। তারপরও আজ অনুষ্ঠেয় কমিশন বৈঠকের পর বিষয়টি নিয়ে সিরিয়াসলি আলোচনা করবে বিএসইসি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com