April 18, 2026, 4:09 pm

সিনহা হত্যা: ওসি প্রদীপসহ ১০ জনকে কারাফটকে জিজ্ঞাসাবাদ

সিনহা হত্যা: ওসি প্রদীপসহ ১০ জনকে কারাফটকে জিজ্ঞাসাবাদ

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ১০ জনকে কারাগারে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।

আজ সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় কক্সবাজার জেলা কারাগারে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীর কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল।

কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন জানান, বেলা ১১টার দিকে তদন্ত কমিটি কক্সবাজার জেলা কারাগার ফটকে ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এরপর র‌্যাবের হেফাজতে থাকা পুলিশের চার সদস্য এবং পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে।

চার সদস্যের এ তদন্ত কমিটিতে আরো আছেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী, রামু সেনানিবাসের জিওসি প্রতিনিধি এবং পুলিশের চট্টগ্রাম রেঞ্জের একজন প্রতিনিধি।

এর আগে রোববার (১৬ আগস্ট) টেকনাফের শামলাপুর সিআইসি অফিসে সিনহা হত্যার ঘটনা তদন্তে গণশুনানি করে তদন্ত কমিটি। নয়জন প্রত্যক্ষদর্শী গণশুনানিতে স্বাক্ষ্য দেন।

তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান আজ সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের বলেন, টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি গতকাল গণশুনানি করে সাধারণ মানুষসহ বিভিন্ন সংস্থার মোট ৬৯ জনের বক্তব্য নিয়েছিল। আজ এ মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ১০ জনকে কারাগারে জিজ্ঞাসাবাদ করছে।

আজ আরও যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া, পুলিশ কনস্টেবল সাফানুর রহমান, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন, মামলার সাক্ষী মো. নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াছ।

গত ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পর পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় দুটি মামলা করে। আর রামু থানায় একটি মামলা করে।

পরে ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন সিনহা মোহাম্মদ রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। এতে ৯ জনকে আসামি করা হয়। আসামিরা হলেন- টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, টেকনাফের বাহারছড়া শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রত্যাহার হওয়া পরিদর্শক লিয়াকত আলী, উপপরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিত, সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া, পুলিশ কনস্টেবল সাফানুর রহমান, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন, মো. মোস্তফা ও এসআই টুটুল। এদের মধ্যে আসামি মোস্তফা ও টুটুল পলাতক।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com