August 23, 2026, 3:32 am

দারিদ্র নিষ্ঠুর, নানা অস্ত্র দিয়ে দারিদ্র্যকে মোকাবিলা করা হবে: পরিকল্পনামন্ত্রী

দারিদ্র নিষ্ঠুর, নানা অস্ত্র দিয়ে দারিদ্র্যকে মোকাবিলা করা হবে: পরিকল্পনামন্ত্রী

দারিদ্র নিষ্ঠুর, নানা অস্ত্র দিয়ে দারিদ্র্যকে মোকাবিলা করা হবে। দারিদ্র্য নিরসনে বর্তমান সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ শনিবার (৩০ জানুয়ারি) ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) ও এসএসডি যৌথ উদ্যোগে ‘কভিড-১৯ সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও স্বাস্থ্য অধিকার’ বিষয়ক এক অনলাইন সেমিনারে তিনি এ সব কথা বলেন।

সেমিনারে  মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএস’র সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ। সঞ্চালনায় ছিলেন ডিজেএফবি’র কার্য নির্বাহী কমিটির সদস্য ও যমুনা টিভির সাংবাদিক সুশান্ত সিনহা।

পরিকল্পনামন্ত্রী বলেন, কভিড মোকাবিলায় সরকার নগদ সহায়তা দিচ্ছে। গরিব মানুষের হাতে মাসে নগদ টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। তবে টাকার পরিমাণ কম মাত্র ৫০০ টাকা। এই টাকায় গরিব মানুষের উপকার হচ্ছে। এটাকে এক হাজার টাকায় উন্নীত করার জন্য আমার জায়গা থেকে চেষ্টা করবো।

এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তি যে, টাকা বাড়ালে কাজের প্রতি অনীহা সৃষ্টি হতে পারে। আমি তাতে একমত। তবুও ৫০০ বা ৭০০ টাকা একদম কমেরও কম। এটাকে মাসে ১ হাজার টাকা করা গেলে ভালো হতো। যাই হোক, মাসে ১ হাজার টাকা করা এটা আমার প্রস্তাব।

তিনি বলেন, প্রথম দিকে কিছু সমস্যা ছিল। মিস ডিরেকশন ছিল, মিস গাইড ছিল– এগুলো এখন কমে গেছে। এখন মোটামুটি গ্রামের লোকেরা সচেতন। জনপ্রতিনিধিরা আগের তুলনায় দক্ষ। এটা আরও বাড়ানো দরকার বলে আমি মনে করি। সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য আগামী অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বড় বরাদ্দ ধরা আছে।

মন্ত্রী বলেন, আমি এখানে যতদিন কাজ করছি, এ খাতে যেন আরও বেশি করে অর্থ জোগান দেয়া যায়, আমার অবস্থান থেকে কাজ করে যাবো। কারণ আমি জানি, প্রধানমন্ত্রীর এই প্রকল্পের প্রতি বেশ দরদ আছে। দায়িত্ববোধ আছে, দায়বোধও আছে। আমার বিশ্বাস, ভালো প্রকল্প নিয়ে গেলে আরও বেশি করে অর্থ আমরা এখানে নিয়ে আসতে পারবো। বেশি করে টাকা আনলে দারিদ্র্যকে আমরা শক্ত করে আক্রমণ করতে পারবো।’

কেভিড-১৯ সময়ে বিধবা হওয়া নারীর বিষয়ে কোন উদ্যোগ নেওয়া হবে কি? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমার জায়গা থেকে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে, বিষয়টি সরকারের উচ্চ মহলে জোরালোভাবে তুলে ধরা হবে।

অনলাইন সেমিনারে ডিজেএফবি’র সভাপতি হ‌ুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সহসভাপতি হামিদ-উজ-জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আব্দুল্লাহ, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম যুক্ত ছিলেন।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com