May 26, 2026, 2:30 am

পুঁজিবাজারের উন্নয়নে সাড়ে ৮ হাজার কোটি টাকার বন্ড ছাড়বে আইসিবি

পুঁজিবাজারের উন্নয়নে সাড়ে ৮ হাজার কোটি টাকার বন্ড ছাড়বে আইসিবি

পুঁজিবাজারকে সাপোর্ট দিতে সাড়ে ৮ হাজার কোটি টাকার (১০০ কোটি মার্কিন ডলার) বন্ড ইস্যু করবে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ, কমিশনার, ঊর্ধ্বতন কর্মকর্তা, আইসিবির ৪ সদস্যের প্রতিনিধি দল ও শেয়ারবাজার ডিজিটালাইজেশন প্রকল্পের পরামর্শক সুইস নাগরিক মি. জুলিয়ান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিএসইসি চেয়ারম্যান এরইমধ্যে অর্থমন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাও করেছে। বাজারের সহযোগিতায় এই বন্ডটি দ্রুত ইস্যু করতে চাচ্ছে কমিশন।

এই অর্থের মধ্য থেকে স্বল্প সুদে শেয়ারবাজারের বিভিন্ন মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে ঋণ প্রদান, নিজস্ব ঋণ পরিশোধ ও নিজের পোর্টফোলিওতে বিনিয়োগ করবে আইসিবি। যে বন্ডে সুইজারল্যান্ডের একটি ব্যাংকের বিনিয়োগ অনেকটাই নিশ্চিত।

এর আগে শেয়ারবাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার টাকার তহবিল চেয়েছে বিএসইসি। তবে সেটি পেতে কিছুটা সময় লাগবে। এই সময়ে আইসিবির বন্ডটি শেয়ারবাজারে তারল্য সরবরাহে সহায়ক ভূমিকা রাখবে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিজনেস আওয়ারকে বলেন, ৩ শতাংশ কুপন হারে আইসিবির সাড়ে ৮ হাজার কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি বন্ডের মাধ্যমে সংগ্রহযোগ্য অর্থের মধ্যে ৩ হাজার কোটি টাকা দিয়ে উচ্চ সুদের নিজস্ব ঋণ পরিশোধ করবে। এছাড়া ৪ হাজার কোটি টাকা শেয়ারবাজারের ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বল্প সুদে ঋণ প্রদান করবে। বাকি টাকা শেয়ারবাজারে বিনিয়োগের জন্য রাখবে আইসিবি।

তিনি বলেন, সুইজারল্যান্ডের ব্যাংকের কাছে ৭ বছর মেয়াদি বন্ড ইস্যু করবে আইসিবি। যাতে করে প্রতিষ্ঠানটি থেকে দীর্ঘসময়ের জন্য শেয়ারবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া সম্ভব হবে। একইসঙ্গে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর থেকে কম সুদে ঋণ দেওয়া যাবে। এতে করে কমিশনের নির্ধারন করে দেওয়া সর্বোচ্চ ১২ শতাংশ সুদে মার্জিন ঋণ প্রদান সহজ হবে।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com