September 1, 2026, 1:02 pm

১৩৮ কোটি টাকার গম ও ১০৭ কোটি টাকার ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন

১৩৮ কোটি টাকার গম ও ১০৭ কোটি টাকার ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন

আন্তর্জাতিক বাজার থেকে প্রতিকেজি ২৭ টাকা ৭২ পয়সা দরে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

একই বৈঠকে আগামী ছয় মাসের জন্য ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিডেট থেকে সরকারি পর্যায়ে ১০৭ কোটি ৭২ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানিরও অনুমোদন দেওয়া হয়।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সভাপতিত্বে এদিনের বৈঠকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য একটি এবং ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য পাঁচটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। তার সবগুলোই অনুমোদন করা হয়।

আবু সালেহ বলেন, খাদ্য অধিদপ্তরকে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০২০-২১ অর্থ বছরে সিঙ্গাপুরের এমএস এগ্রোকর্প ইন্টারন্যাশনালের কাছ থেকে ১৩৮ কোটি ৬১ লাখ ৪০ হাজার ৮০০ টাকায় ৫০ হাজার মেট্রিক টন গম কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

তাতে প্রতি টনে খরচ পড়ছে ৩২৬ দশমিক ৯২ ডলার। ডলারের বিনিময় হার ৮৪ টাকা ৮০ পয়সা ধরে প্রতি কেজি গমের দাম হয় ২৭ টাকা ৭২ পয়সা।

অতিরিক্ত সচিব জানান, ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে জিটুজি ভিত্তিতে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ১০৭ কোটি ৭২ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন ডিজেল কেনার প্রস্তাব দিয়েছিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বৈঠকে তা অনুমোদন পেয়েছে। নুমালিগড় থেকে বছরে ৬০ হাজার টন ডিজেল কেনার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালন বিভাগের কর্মকর্তা সৈয়দ মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত থেকে প্রতিবছরই ডিজেল কেনা হচ্ছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দাম ঠিক করা হয়।

তিনি বলেন, ক্রয় কমিটিতে পাস হওয়া ওই প্রস্তাবে ডিজেলের দাম প্রতি লিটার ৩৫ টাকা ৯০ পয়সা দেখা গেলেও এই দাম ওঠা নামা করে থাকে। বর্তমানে দেশের বাজারে ডিজেলের খুচরা মূল্য প্রতি লিটার ৬৫ টাকা নির্ধারিত রয়েছে।

এদিন বৈঠকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির ‘পল্লী জনপদ নির্মাণ’ প্রকল্পের পূর্তকাজের জন্য বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ১৫৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকার দরপ্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন ন্যাশনাল হাউজহোল্ড ডেটাবেইজ এনএইচডি প্রকল্পের পরামর্শক সেবার জন্য জেরন ইন্ডিয়া, আইওই বাংলাদেশ ও জার্মানির টিওপি ইমেজ সিস্টেমের জয়েন্টভেঞ্জারের কাছ থেকে সেবা কেনার ভেরিয়েশন ব্যয় হিসেবে অতিরিক্ত ১৩ কোটি ৩ লাখ ৪ হাজার ৭৩৪ টাকার প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।

এছাড়া সচিবালয়ের ২০তলা নতুন অফিস ভবন নির্মাণে গণপূর্ত অধিদপ্তরের একটি প্রকল্পের কাজ ১৯৩ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ৩৪ টাকায় দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিডেট, ন্যামনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স ও বঙ্গ বিল্ডার্সের জয়েন্টভেঞ্চারকে দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব আবু সালেহ জানান, ক্রয় সংক্রান্ত কমিটিতে অনুমোদিত ৫টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৬০৭ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৫৬৮ টাকা।

এর মধ্যে ৫৯৪ কোটি ৭১লাখ ৮৩৪ টাকার যোগান দেবে সরকার। আর বিশ্ব ব্যাংক ঋণ হিসেবে ১৩ কোটি ৩ লাখ ৪ হাজার ৭৩৪ টাকা দেবে।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় গ্রিসের এথেন্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেন্টেনিয়াল স্কুল স্থাপনে গ্রিসের স্থানীয় আইন অনুসরণের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান সালেহ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com