May 30, 2026, 6:54 pm

২৮ জানুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশ

২৮ জানুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশ

আগামী ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এর আগে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনীর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে আর কোন বাধা রইল না বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গত বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেছিলেন, বিশেষ পরিস্থিতিতে ফলাফল প্রকাশ করতে হলে অধ্যাদেশ জারি করতে হয়। চলতি সপ্তাহে মন্ত্রিপরিষদের বৈঠক না হওয়ায় অধ্যাদেশ জারি করা সম্ভব হয়নি। অধ্যাদেশ জারি হলে মধ্য জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে বাতিল করা হয় ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ফলে পরীক্ষা ছাড়াই জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল গড় করে প্রকাশ করা হবে এইচএসসির ফল। যেখানে জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ পার্সেন্ট বিবেচনায় নিয়ে ঘোষণা করা হবে ২০২০ সালের এইচএসসির ফলাফল। অধ্যাদেশ জারির পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের ঘোষণা দেওয়া হবে।

বিজনেস নিউজ/ আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com