November 29, 2026, 1:46 am
নতুন বছরে দেশের শেয়ারবাজারে লেনদেনের ক্ষেত্রে অন্য রকম হাওয়া লেগেছে। বছরের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রথম ঘন্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯০০ কোটি টাকার লেনদেন হয়ে গেছে।
এমন বড় অঙ্কের লেনদেনের পাশাপাশি মূল্য সূচকেও বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রথম ঘন্টায় বেড়েছে ৯৬ পয়েন্ট। সেই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের শুরুতে মূল্য সূচকের বড় ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন লেনদেন শুরু হতেই ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান মূল্য সূচক ৭৫ পয়েন্ট বেড়ে যায়। তবে এরপর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমে পরে আবারও বাড়তে শুরু করেছে। এতে প্রথম ১০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক বাড়ে ৬৫ পয়েন্ট। আর এ প্রতিবেদন লেখা পর্যন্ত এক ঘন্টায় মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৯৬ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জের অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ বেড়েছে ৯ পয়েন্ট। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩১ পয়েন্ট।
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৬১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৩১ টির। আর ৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে। এর আগে বছরের প্রথম কার্যদিবস রোববার ১ হাজার ৯২৫ কোটি ৭৭ টাকার লেনদেন হয়। আর দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেন হয় ২ হাজার ১৯৩ কোটি ১ লাখ টাকা।