May 26, 2026, 4:50 pm
বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেছেন, রেগুলেটর হিসেবে নয়, ফেসিলিটেটর হিসেবে কাজ করবে বিটিআরসি। টেলিযোগাযোগ খাতের সময়োপযোগী উন্নয়নে সংশ্লিষ্ট লাইসেন্সিং নীতিমালার আধুনিকায়নসহ নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে খাত সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
রোববার (৩ জানুয়ারি) বিকেলে বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে দেশের ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) ও ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) অপারেটরদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ খাতের বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় বিষয়ে তার দিকনির্দেশনামূলক বক্তব্য পেশ করেন।
কমিশনের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আইজিডব্লিউ অপারেটরস ফোরামের (আইওএফ) পক্ষ থেকে সংগঠনের নির্বাহী সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল হান্নান (অব.) দেশে বৈধ পথে বিদেশি কলের পরিমাণ কমে যাওয়ায় বার্ষিক লাইসেন্স নবায়ন ফি ৫০ লাখ টাকা করা এবং ভয়েস সেবার পাশাপাশি এসএমএস সেবাও আইজিডব্লিউ-এর মাধ্যমে পরিচালনার দাবি জানান।
আলোচনায় আইসিএক্স ফোরামের পক্ষ থেকে এমঅ্যান্ডএইচ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান (অব.) জানান, বিভিন্ন ওটিটি অ্যাপসের কারণে ভয়েস কল থেকে আয় কমে যাওয়ায় বার্ষিক লাইসেন্স নবায়ন ফি ৫০ লাখ করার বিষয়টি বিবেচনা করা উচিত। বর্তমানে কেবল দেশীয় এসএমএস সেবা আইসিএক্স হয়ে গ্রাহকের কাছে পৌঁছায়। তাই দেশি ও বিদেশি এসএমএস সেবা আইসিএক্স হয়ে পরিচালনার কার্যক্রম গ্রহণ করার বিষয়ে মতামত প্রদান করেন।
কমিশনের কমিশনার (লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং) আবু সৈয়দ দিলজার হুসেইন প্রচলিত গাইড লাইনের আলোকে রাষ্ট্রের স্বার্থ সমুন্নত রেখে অপারেটরদের কার্যক্রম পরিচালনা করার এবং সংশ্লিষ্ট বিষয়ে কমিশনের সহযোগিতার আশ্বাস দেন।
কমিশনের মহাপরিচালক (এসএস) ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ অপারটেরদের ব্যবসায়িক পরিচালনার ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন প্রতিবন্ধকতাসমূহ কমিশনে উপস্থাপনের আহ্বান জানিয়ে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। কমিশনের মহাপরিচালক (এসএম) ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল আলম জানান, প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তাই আইটিইউ-এর পরামর্শ অনুযায়ী বিভিন্ন লাইসেন্সিগণ যাতে একই প্লাটফর্মে কাজ করতে পারে সেদিকে নজর দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
কমিশনের ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র তার বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে একটি চ্যালেঞ্জিং বিষয় উল্লেখ করে করণীয় নির্ধারণে গুরুত্ব প্রদান করেন।
সভাপতির বক্তব্যে বিটিআরসির চেয়ারম্যান আরও বলেন, পরিবর্তিত প্রযুক্তির এই সময়ে নতুন নতুন প্রযুক্তি আনতে উৎসাহ প্রদান ও বিদ্যমান প্রযুক্তি ব্যবহারে কমিশন প্রণীত গাইডলাইনগুলোর প্রয়োজনীয় সংশোধনের পরিকল্পনা কমিশনের রয়েছে। আইজিডব্লিউ ও আইসিএক্স-এর বার্ষিক নবায়ন ফি যৌক্তিক হ্রাসের ব্যাপারে কার্যক্রম চলমান। আমি আশা করছি, বিটিআরসি ও অপারেটর একে অপরের পরিপূরক হয়ে কাজ করে সময়ের চাহিদা পূরণে এই খাতকে সামনে এগিয়ে নিতে সক্ষম হবে।
বিজনেস নিউজ/এসআর