May 31, 2026, 10:14 am
ফাইভ-জি চালুর জন্য সময়োপযোগী নীতিমালা, ভ্যাট সংক্রান্ত জটিলতা নিরসনসহ এ খাতের বিভিন্ন সমস্যা সমাধানে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সহযোগিতা চেয়েছে অপারেটরদের প্রধান নির্বাহীরা।
বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার কমিশনের প্রধান সম্মেলন কক্ষে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগ আয়োজিত মোবাইল অপারেটরদের সাথে মতবিনিময় সভায় প্রধান নির্বাহীরা এ আহ্বান জানান।
দেশের টেলিযোগাযোগ খাতকে বিশ্বমানের পর্যায়ে পৌঁছে দিতে খাত সংশ্লিষ্টদের সাথে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এ খাতের বিভিন্ন সমস্যার সমাধান এবং পরিবর্তিত বৈশ্বিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ।
সভায় বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস অনলাইনে যুক্ত থেকে খাত সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে পারস্পরিক আলোচনার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া ক্যাশ সার্ভার স্থাপনের বিষয়ে এবং তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা (এসএমপি) বাস্তবায়নে তার মতামত ব্যক্ত করেন।
অপারেটরটির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তাইমুর রহমান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট সংক্রান্ত জটিলতা নিরসনে বিটিআরসির সহযোগিতা কামনা করেন। এছাড়া আগামী প্রজন্মের প্রযুক্তি ফাইভ-জি (৫জি) চালুর বিষয়ে ‘সময়োপযোগী’ নীতিমালা প্রণয়নের সুপারিশ করেন।
২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশে ফাইভ-জি চালুর আশা করছে সরকার।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিভিন্ন নীতিমালা, তরঙ্গ সংক্রান্ত বিষয় নিয়ে বিটিআরসির পক্ষ থেকে রেগুলেটরি সমাধানের বিষয়ে কথা বলেন।
রবি অজিয়াটা লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা শাহেদ আলম সব ক্ষেত্রে জাতীয় টেলিযোগাযোগ নীতিমালার বাস্তবায়ন, তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা প্রয়োগ ও ভ্যাট সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন।
রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ টেলিযোগাযোগ সংশ্লিষ্ট সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিটিআরসির সাথে আন্তরিকভাবে কাজ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক শাহাবু্দ্দিন আহমেদ চলমান বিভিন্ন ইস্যুতে কমিশনের সাথে একাত্ম হয়ে কাজ করার কথা জানান।
কমিশনের মহাপরিচালক (স্পেকট্রাম) ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল আলম অপারেটরগুলোর বিলিং সিস্টেম কার্যক্রমে অধিক সক্রিয়তা, গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষা, অন্যান্য লাইসেন্সধারীদের সাথে মোবাইল অপারেটরদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সীমান্ত টাওয়ারের বিকিরণ নিয়ন্ত্রণে অপারেটরদের নজর দেওয়ার আহ্বান জানান।
কমিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল মোবাইল অপারেটরদের বিভিন্ন কার্যক্রমে দেশীয় প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্তির বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন।
কমিশনের ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র তার বক্তব্যে দেশি-বিদেশি বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের ভ্যাট ও ট্যাক্স নিয়ে আলোকপাত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের নিরাপত্তা ও করণীয় বিষয়ে ভবিষ্যৎ ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অন্যদের মধ্যে অ্যামটবের মহাসচিব এস এম ফরহাদসহ বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজনেস নিউজ/এমআরএম