May 31, 2026, 10:38 am

৪০ শতাংশ গম উৎপাদন কমতে পারে যুক্তরাজ্যে

৪০ শতাংশ গম উৎপাদন কমতে পারে যুক্তরাজ্যে

যুক্তরাজ্যে উৎপাদিত কৃষিপণ্যগুলোর মধ্যে অন্যতম গম। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার আগেই দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন কমে আসছে। চলতি বছর শেষে যুক্তরাজ্যে গম উৎপাদন আগের বছরের তুলনায় ৪০ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির মিনিস্ট্রি অব ফার্মিং অ্যান্ড এনভায়রনমেন্ট। গম উৎপাদন হ্রাসের পেছনে প্রতিকূল আবহাওয়াকে দায়ী করেছে যুক্তরাজ্য সরকার। গমের পাশাপাশি চলতি বছর দেশটিতে যব ও সরিষা উৎপাদনও কমে আসার সম্ভাবনা রয়েছে। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম ও এগ্রিমানি।

যুক্তরাজ্যের সরকারি পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সাল শেষে দেশটিতে গমের সম্মিলিত বার্ষিক উৎপাদনের পরিমাণ এক কোটি টনের সামান্য নিচে নেমে আসতে পারে। এক বছরের ব্যবধানে দেশটিতে  কৃষিপণ্যটির উৎপাদন কমতে পারে ৪০ শতাংশ।

সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, এবারের শরৎ মৌসুমে যুক্তরাজ্যের আবহাওয়া তুলনামূলক শীতল ছিল। বসন্তে আবহাওয়া ছিল বেশ উষ্ণ। ফলে দুই ঋতুতেই প্রত্যাশা অনুযায়ী গম উৎপাদন হয়নি। এর প্রভাব পড়েছে কৃষিপণ্যটির সামগ্রিক উৎপাদনে। বছরের ব্যবধানে দেশটিতে গম উৎপাদন ৪০ শতাংশ কমে আসছে।

শুধু গম নয়, চলতি বছর যুক্তরাজ্যে যব ও সরিষা উৎপাদনেও মন্দা ভাব বজায় থাকতে পারে। দেশটির সরকারি পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সাল শেষে যুক্তরাজ্যে যবের সম্মিলিত বার্ষিক উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৮৩ লাখ ৬০ হাজার টনে, যা আগের প্রাক্কলনের তুলনায় সামান্য কম।

একই সঙ্গে চলতি বছর শেষে যুক্তরাজ্যে সব মিলিয়ে ১০ লাখ ৪০ হাজার টন সরিষা উৎপাদন হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। চলতি বছরের অক্টোবরে প্রকাশিত আরেক প্রতিবেদনে যুক্তরাজ্য সরকার ২০২০ সালে দেশটিতে ১০ লাখ ৭০ হাজার টন সরিষা উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল। সেই হিসাবে প্রতিকূল আবহাওয়ার জের ধরে আগের প্রাক্কলনের তুলনায় পণ্যটির উৎপাদন পূর্বাভাস ৩০ হাজার টন কমিয়ে আনা হয়েছে।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com