August 23, 2026, 4:08 am

একনেকে ৩৩০৮ কোটি ব্যায়ে ৫ প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩০৮ কোটি ব্যায়ে ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩ হাজার ৩০৮ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১ হাজার ২৪৫ কোটি ২৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ২০ কোটি ৯৮ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে প্রাপ্ত ঋণ ২ হাজার ৪২ কোটি ৮ লাখ টাকা।

আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এবং রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ থেকে মন্ত্রী/সচিবরা অংশ নেন একনেক সভায়।

সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম।

আজকের অনুমোদিত প্রকল্পগুলো হলো, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ২৫৯ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (১ম সংশােধিত) প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৩ টি প্রকল্প যথাক্রমে ৭৯৫ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নরসিংদী জেলার পল্লী অবকাঠামাে উন্নয়ন প্রকল্প; ১১৬ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে খুলনা শহরে পয়ঃনিস্কাশন ব্যবস্থা নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ (১ম সংশােধিত ) প্রকল্প এবং ১ হাজার ৮৮২ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্প এবং ২৫৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রিপেইড গ্যাস মিটার স্থাপন (২য় সংশােধিত) প্রকল্প।

আজকের একনেক সভায় কৃষিমন্ত্রী মাে. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মাে. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মাে. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজনেস নিউজ/এমআরএম

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com