October 7, 2026, 12:37 pm

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনার্স-মাস্টার্স পরীক্ষা নিতে পারবে

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনার্স-মাস্টার্স পরীক্ষা নিতে পারবে

একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তরের (মাস্টার্স) চূড়ান্ত পরীক্ষা নিতে পারবে।

রোববার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ভার্চ্যয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সভায় ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসি সদস্যরা যুক্ত ছিলেন।

করোনা ভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে একাডেমিক কার্যক্রমও স্থবির হয়ে পড়ে। করোনা মহামারির প্রকোপ না কমায় কয়েক দফা বাড়িয়ে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়।

ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, পরীক্ষা গ্রহণ বিষয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ডিনস কমিটি, একাডেমিক কাউন্সিলসহ সংশ্লিষ্ট কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পরীক্ষার মান নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে।

তাড়াহুড়া না করে সক্ষমতা অনুযায়ী পর্যায়ক্রমে পরীক্ষা নেওয়ার বিষয়ে তিনি পরামর্শ দেন।

সভায় উপাচার্যরা জানান, করোনা পরিস্থিতিতে অনলাইনে পাঠদান অব্যাহত রয়েছে। অসমাপ্ত সেমিস্টার শেষ পর্যায়ে রয়েছে। পরীক্ষা না হওয়ার কারণে শিক্ষাথীরা হতাশ হয়ে পড়েছে। তারা নিজেদের পরবর্তী সেমিস্টারের শিক্ষা কার্যক্রম থেকে আলাদা করে নিচ্ছে। পরীক্ষা বা মূল্যায়ন না হলে অনলাইন শিক্ষাকার্যক্রম মুখ থুবড়ে পড়বে। জাতীয় স্বার্থে পরীক্ষা নেওয়া দরকার।

ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সঞ্চালনায় সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র, প্রফেসর ড. মো. আবু তাহের, ইউজসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. কামাল হোসেন যুক্ত ছিলেন।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com