April 30, 2026, 8:38 pm
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদা গ্রহণ আজ বিকাল ৫টায় শেষ হচ্ছে। ৭ ডিসেম্বর থেকে কোম্পানিটির আইপিওর চাঁদা গ্রহণ শুরু হয়েছিল।
আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এরই মধ্যে তারা বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেকট্রনিক বিডিংয়ের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছে শেয়ার বরাদ্দ সম্পন্ন করেছে।বাকি ৫০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে ইস্যুর জন্য চাঁদা গ্রহণ করা হচ্ছে।
এর আগে বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে নিলামে যোগ্য বিনিয়োগকারীরা কোম্পানিটির প্রান্তসীমা মূল্য ৩৫ টাকা নির্ধারণ করে।সাধারণ বিনিয়োগকারীরা সেই দাম থেকে ১০ শতাংশ কমে শেয়ার বরাদ্দ পাবেন। কোম্পানিটি পুঁজিবাজার থেকে উত্তোলিত ১৫০ কোটি টাকা ব্যবসা সম্প্রসারণ, ব্যাংকঋণ পরিশোধ ও আইপিওর খরচ মেটাতে ব্যয় করবে।
প্রসঙ্গত, গত ২১ অক্টোবর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিওর অনুমোদন দেয়। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সম্মিলিত আর্থিক প্রতিবেদন অনুসারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৩ পয়সা। ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ ৪৫ টাকা ১৫ পয়সা ও পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া ৩০ টাকা ২০ পয়সা।
বিজনেস নিউজ/এমআরএম