April 29, 2026, 9:37 pm

সেরা ভ্যাটদাতার পুরস্কার পেল ১৩১ প্রতিষ্ঠান

সেরা ভ্যাটদাতার পুরস্কার পেল ১৩১ প্রতিষ্ঠান

সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় ভ্যাট দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সেরা ভ্যাটদাতাদের সম্মাননা দেয়া হয়।

এবার জাতীয় পর্যায়ে ৯টি ও জেলা পর্যায়ে ১৩১ টি প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেয়া হয়েছে। উৎপাদন, ব্যবসা ও সেবা এই তিন শ্রেণিতে বাছাই করে সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। এবারের ভ্যাট দিবসের স্লোগান ‘মুজিব বর্ষের অঙ্গীকার, ইএফডি’তে এনবিআর’।

প্রতিবছর ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস ও ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) জাতীয় মূল্যসংযোজন কর (ভ্যাট) দিবস উপলক্ষে সেরা ভ্যাটদাতাদের নাম প্রকাশ প্রকাশ করা হয়েছে।

ভ্যাট দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনীম সব প্রতিষ্ঠানকে ঠিক মতো ভ্যাট পরিশোধের আহ্বান জানান।

করোনাভাইরাসের কারণে ঘরে বসে অনলাইনে মাসিক রিটার্ন দাখিলের পরিমান বেড়েছে। চলতি অর্থবছরের অক্টোবর মাস পর্যন্ত প্রায় ৬৭ শতাংশ রির্টান দাখিল অলনাইনে হয়েছে। প্রায় ৭৪ হাজার রিটার্ন এসময় অনলাইনে জমা হয়েছে।

আগামী ৮ থেকে ১০ মাসের মধ্যে শতভাগ রিটার্ন অললাইনে দাখিল করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

তিনি বলেন, যে সকল করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে সক্ষম হচ্ছেন না তাদের জন্য সনাতনী কাগজে রিটার্ন দাখিলের ব্যবস্থাও থাকছে, যা পরবর্তীতে ভ্যাট কর্মকর্তাগণ স্ক্যান করে ডিজিটাল ডেটায় পরিণত করছেন।

অনুষ্ঠানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, করোনার মধ্যেও আমাদের প্রবৃদ্ধি ঈর্ষণীয়। ট্যুরিজম, পরিবহনখাতসহ অনেক খাতে স্থবিরতা সত্ত্বেও আমরা ভালো করছি। ভ্যাটের ক্ষেত্র বৃদ্ধিতে দরকার অটোমেশন। এনবিআরে অটোমেশন প্রক্রিয়া চলমান আছে। কর প্রদান, ভ্যাট প্রদান সহজীকরণে কাজ করে যাচ্ছে এনবিআর।

বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম বলেন, ভ্যাটের আওতা বাড়াতে আমরা কাজ করছি। তবে ভ্যাটের আওতা বাড়ালে ট্যারিফ কমিয়ে আনতে হবে। এ ব্যাপারে অর্থমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন।

তিনি আরো বলেন, করোনার মধ্যেও আমাদের রেমিটেন্স প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ মিলিয়ন মার্কিন ডলার। নেক্সট নরমালের দিকে এগিয়ে যাচ্ছে দেশ।

গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান বলেন, প্রবৃদ্ধির সাফল্য ধরে রাখতে হলে এনবিআরকে আরো বেশি ডিজিটাইজেশন করতে হবে। ইএফডি এনবিআররের একটি মাইলফলক, এতে ক্রেতা ও বিক্রেতা সব পক্ষের মাঝেই স্বচ্ছতা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ৯টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। উৎপাদন খাতে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লি. ও ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটিডকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। ব্যবসা খাতে হ্যামকো কর্পোরেশন লিমিটেড, সিমেন্স বাংলাদেশ লিমিটেড ও ইউনিমার্ট লিমিটেডকে ছাড়াও সেবা খাতে সামিট কমিউনিকেশনস লিমিটেড, কাতার এয়ারওয়েজ গ্রুপ (কিউসিএসসি), চিটাগাং ওয়্যারহাউজেস লিমিটেডকে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী সম্মাননা দেওয়া হয়।

জনগণকে ভ্যাট দিতে উৎসাহিত করতে ২০১০ সালে প্রথম ভ্যাট দিবস পালনের সিদ্ধান্ত নেয় সরকার। ওই সময় থেকেই প্রতি বছর ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস পালন করে আসছে এনবিআর। ভ্যাট, আয়কর ও আমদানি-এ তিনটি উৎস থেকে রাজস্ব আহরণ করে এনবিআর। এর মধ্যে সবচেয়ে বেশি আদায় হয় ভ্যাট থেকে। বর্তমানে মোট রাজস্বের ৩৯ শতাংশ ভ্যাটের অবদান।

ভ্যাট একটি পরোক্ষ কর। ভোক্তা এই কর দেন। ফলে একে ভোক্তা করও বলা হয়। পণ্য ও সেবার বিপরীতে প্রযোজ্য হারে ভ্যাট আদায় করে সরকার। বর্তমান আইনে ভ্যাটের আদর্শ (স্ট্যান্ডার্ড) রেট ১৫ শতাংশ।

এবার পুরস্কার পাওয়ার তালিকায় উৎপাদন খাতে আছে পপুলার ফার্মাসিউটিক্যালস, বার্জার পেইন্টস ও ফেয়ার ইলেকট্রনিকস। ব্যবসায় শ্রেণিতে আছে হ্যামকো করপোরেশন, সিমেন্স ও ইউনিমার্ট। আর সেবা শ্রেণিতে তিন সেরা ভ্যাটদাতা হলো সামিট কমিউনিকেশনস, কাতার এয়ারওয়েজ ও চিটাগাং ওয়্যারহাউজেস।

জাতীয় পর্যায়ের পাশাপাশি জেলাপর্যায়ের ১৩১টি প্রতিষ্ঠানকেও একইভাবে তিন শ্রেণিতে সম্মাননা দেওয়া হবে। এসব প্রতিষ্ঠানের মধ্যে বেশকিছু নামকরা প্রতিষ্ঠান রয়েছে।

জেলাপর্যায়ে সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হলো ঢাকা জেলার ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস, সিমেন্স হেলথ কেয়ার, থাই এয়ারওয়েজ;

গাজীপুরের ড্রাগ ইন্টারন্যাশনাল, নিলয় মটরস, হাতিল কমপ্লেক্স। আরও রয়েছে মুন্সীগঞ্জের এসকোয়ার হেভি ইন্ডাস্ট্রিজ; নারায়ণগঞ্জের বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স; নরসিংদীর আরএফএল ইলেকট্রনিকস; মানিকগঞ্জে আকিজ স্টিল মিলস, পদ্মা রিভারভিউ।

পাবনায় স্কয়ার টয়লেট্রিজ; চট্টগ্রামের এক্সক্লুসিভ ক্যান, চৌধুরী টি ওয়্যারহাউজ; সিলেটের গ্রিনলাইন পরিবহন।

কুমিল্লায় লুবনান ট্রেড কনসোর্টিয়াম, বনফুল অ্যান্ড কোং। ব্রাহ্মণবাড়িয়ায় হোটেল উজানভাটি অ্যান্ড রিসোর্ট; বরিশালের অলিম্পিক সিমেন্ট; রংপুরে রিচম্যান ও লুবনান; ময়মনসিংহের মুক্তাগাছার মেসার্স গোপাল পালের প্রসিদ্ধ মন্ডার দোকান; টাঙ্গাইলের গোপাল মিষ্টান্ন ভাণ্ডার।

বগুড়ার এ বি সিরামিকস; নাটোরের বিসমিল্লাহ মটরস; রাজশাহীর সপুরা সিল্ক ইন্ডাস্ট্রিজ; মৌলভীবাজারের গ্রিন লিফ ইনোভেশন; ফেনীর মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজসহ আরও কিছু প্রতিষ্ঠান।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com