August 24, 2026, 1:16 pm

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের কাজ চলছে: অর্থমন্ত্রী

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের কাজ চলছে: অর্থমন্ত্রী

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের কাজ চলছে জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রথমে দেশের অর্থনীতি স্থিতিশীল করা হবে। এরপর ধীরে ধীরে অর্থনীতিতে গতি ফিরবে এবং বাংলাদেশ প্রবৃদ্ধির নতুন পর্যায়ে প্রবেশ করবে।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচিত গবেষক, উদ্ভাবক ও উদ্যোক্তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধি, শিল্পভিত্তিক গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর অধীনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে গবেষকদের যুক্ত করার ক্ষেত্রে এটিকে দেশের প্রথম সরকারি উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যে ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, তা পুনরুদ্ধারের কাজ চলছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার পথ তৈরি হচ্ছে। আমরা জরুরি পরিস্থিতি মোকাবিলা করছি।’ অর্থনীতিতে নেওয়া সংস্কার, নিয়ন্ত্রণ শিথিল, নীতিমালা প্রণয়ন ও বিভিন্ন প্রণোদনা কর্মসূচির সুফল ধীরে ধীরে পাওয়া যাবে বলেও জানান তিনি।

তিনি বলেন, কর্মসংস্থান বাড়াতে সারা দেশে দক্ষতা উন্নয়ন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধিতেও এসব উদ্যোগ ভূমিকা রাখবে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি ভালো দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দক্ষতা উন্নয়ন, শিল্প প্রতিযোগিতা ও উদ্ভাবন কর্মসূচির অতিরিক্ত সচিব এবং নির্বাহী কর্মসূচি পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন জানান, শিল্পের বিভিন্ন সমস্যার উদ্ভাবনী সমাধানের লক্ষ্যে মোট ১২৩টি প্রকল্প প্রস্তাব জমা পড়েছিল। সেখান থেকে যাচাই-বাছাই করে ১২টি প্রকল্প নির্বাচিত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত গবেষক ও উদ্ভাবকেরা এক বছর গবেষণা চালিয়ে শিল্পের সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করবেন।

অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় বাস্তবায়নাধীন বাংলাদেশ শিল্প গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন উদ্যোগটি বাস্তবমুখী ও শিল্পবান্ধব সমাধান তৈরির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো, আন্তর্জাতিক সক্ষমতা সুসংহত করা এবং দক্ষ জনশক্তির ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন এশীয় উন্নয়ন ব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং। তিনি কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের দীর্ঘমেয়াদি ও শক্তিশালী অংশীদারত্ব অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিভিন্ন খাতে উদ্ভাবনী গবেষণার জন্য ১২ জন গবেষক ও উদ্ভাবককে অর্থসহ পুরস্কার ও আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। শিল্প খাতের বিভিন্ন সমস্যা সমাধানে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনার জন্য তারা এ অর্থ ব্যবহার করবেন।

সভাপতিত্ব করেন দক্ষতা উন্নয়ন, শিল্প প্রতিযোগিতা ও উদ্ভাবন কর্মসূচির অতিরিক্ত সচিব ও নির্বাহী কর্মসূচি পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন। অনুষ্ঠানে অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গবেষক, উদ্ভাবক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

ইএটি

Please Share This Post in Your Social Media


Leave a Reply

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com