August 24, 2026, 6:44 pm

মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা দূর করাই হবে প্রথম কাজ: বিমানমন্ত্রী

মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা দূর করাই হবে প্রথম কাজ: বিমানমন্ত্রী

নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাগুলোর মধ্যে বিদ্যমান সমন্বয়হীনতা দূর করাই হবে তার প্রথম কাজ। নতুন নেতৃত্বে একটি শক্তিশালী টিম গঠন করে মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে মন্ত্রণালয় ও অধস্তন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নবনিযুক্ত মন্ত্রীকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন নেতৃত্বে আমরা টিম গঠনের মাধ্যমে মন্ত্রণালয়ের কাজগুলো আরও কার্যকরভাবে এগিয়ে নিতে চাই। কাজের সুবিধার্থে প্রতি পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন সিভিল এভিয়েশন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিস করার পরিকল্পনার কথাও জানান তিনি।

কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ভালো কাজের জন্য যেমন পুরস্কারের ব্যবস্থা রয়েছে, তেমনি খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থাও রয়েছে। মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে সনাতন আমলাতান্ত্রিক কাঠামোর বাইরে গিয়ে কাজ করতে হবে। উদ্ভাবনী পরিকল্পনা গ্রহণ করে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে।

ঈশ্বরদী বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাবনার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় তেজস্ক্রিয় সামগ্রী পরিবহনের সুবিধার্থে শিগগিরই ঈশ্বরদী বিমানবন্দরে ফ্লাইট চালুর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

এ ছাড়া যশোর বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইটের সংখ্যা কমে যাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঙ্গে ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। বগুড়া বিমানবন্দর নির্মাণের জন্য বর্তমানে ফিজিবিলিটি স্টাডি চলছে বলেও জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, আগামী অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর বিষয়ে তারা আশাবাদী। দেশের বিমান যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে মন্ত্রণালয় এবং এর আওতাধীন সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন নবনিযুক্ত বিমানমন্ত্রী।

ইএটি

Please Share This Post in Your Social Media


Leave a Reply

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com