October 7, 2026, 11:37 pm
মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৮৩৯ জন রোগী।
রোববার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
এদিকে নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৮৭ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ময়মনসিংহে ৭৯ জন, চট্টগ্রামে ১০০ জন, খুলনায় ১৫৯ জন, রাজশাহীতে ৭১ জন, রংপুরে ২৩ জন, বরিশালে ১১৭ জন এবং সিলেটে ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯২৯ জনে। এর মধ্যে ঢাকা বিভাগে ১১ হাজার ৩৯৫ জন, ময়মনসিংহে ১ হাজার ৪৬৯ জন, চট্টগ্রামে ৪ হাজার ৫৮৯ জন, খুলনায় ৪ হাজার ১২১ জন, রাজশাহীতে ১ হাজার ৪৪৫ জন, রংপুরে ৭৬৯ জন, বরিশালে ৪ হাজার ৯৯০ জন এবং সিলেটে ১৫১ জন রোগী শনাক্ত হয়েছেন।
অন্যদিকে, চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়পত্র পেয়েছেন মোট ২৬ হাজার ৮৯৬ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯৫১ জন।
স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
ইএটি