August 20, 2026, 7:12 pm

২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অবশেষে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন।

এর মধ্যে ভোট পড়েছে ৩৪৩টি। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সিইসি।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও।

সিইসি এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, বৃহস্পতিবারই রাষ্ট্রপতি নির্বাচনের গেজেট প্রকাশ করা হবে। বাংলাদেশ সচিবালয় ও সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, নবনির্বাচিত রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন। এ উপলক্ষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শপথ অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির পদ শূন্য হলে গত ৬ আগস্ট ওই পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ভোটগ্রহণ ও গণনা শেষে ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি পদে নতুন নেতৃত্বের সূচনা হলো।

ইএটি

Please Share This Post in Your Social Media


Leave a Reply

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com