August 20, 2026, 2:24 pm
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সংসদ কক্ষে উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে অভিনন্দন জানান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন। তিনি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়েছেন। সর্বোচ্চসংখ্যক ভোট পাওয়ায় তাকে রাষ্ট্রপতি হিসেবে যথাযথভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়িয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে করমর্দন করেন। পরে তার হাতে একটি লাল গোলাপ তুলে দিয়ে অভিনন্দন জানান।
এ সময় পুরো সংসদ কক্ষের সদস্যরা নিজ নিজ আসন থেকে টেবিল চাপড়িয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাত তুলে সংসদ সদস্যদের উদ্দেশে সালাম জানান।
পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিরোধী দলের সংসদ সদস্যরা ট্রেজারি বেঞ্চের কাছে এলে নবনির্বাচিত রাষ্ট্রপতি নিজের আসন থেকে বেরিয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে কোলাকুলি করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানও সেখানে এসে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করেন। পরে বিরোধীদলীয় নেতার সঙ্গেও কোলাকুলি করেন প্রধানমন্ত্রী।
এরপর সংসদ সদস্যরা নিজ নিজ আসন থেকে এসে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করে তাকে অভিনন্দন জানান। একপর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের সঙ্গে করমর্দন করেন এবং নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত অন্যান্য কর্মকর্তাদের সালাম জানান।
রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
নির্বাচনী কর্মকর্তা জানান, ৩৪৯ জন ভোটারের মধ্যে ছয়জন সংসদ সদস্য ভোট প্রদান থেকে বিরত ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচনে বৈধ ব্যালট পাওয়া গেছে ২৪৩টি। এছাড়া ছয়টি ব্যালট অব্যবহৃত ছিল।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল ৫টা ২ মিনিটে ভোট গণনা শুরু হয়।
ভোট গণনার সময় দুই প্রার্থীর এজেন্ট প্রধান হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম, হুইপ মিয়া নুরুউদ্দিন অপু ও রকিবুল ইসলাম বকুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফলাফল ঘোষণার পর সংসদ কক্ষে সরকার ও বিরোধী দলের সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছার মধ্য দিয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.