August 20, 2026, 10:19 am
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম জাতীয় সংসদেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শুরুর সময় তিনি এ কথা বলেন।
সিইসি জানান, ভোটগ্রহণ ও ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি।
নির্বাচনী কর্মকর্তা হিসেবে স্বাগত বক্তব্যে এ এম এম নাসির উদ্দিন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এবারের নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সিইসি বলেন, ব্যালট পেপারের মুড়িতে প্রার্থীদের নাম উল্লেখ থাকবে। সংসদ সদস্যরা পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন। ব্যালট পাওয়ার পর তাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম সঠিকভাবে রয়েছে কি না, তা যাচাই করে নিতে হবে।
ভোটগ্রহণ শেষে ব্যালট পেপার গণনা করা হবে। গণনায় যে প্রার্থী সর্বাধিক ভোট পাবেন, তার নাম জাতীয় সংসদেই ঘোষণা করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
ইএটি
Leave a Reply
You must be logged in to post a comment.