July 21, 2026, 6:31 pm

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা

আগামী ২০২৭ সালের হজকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নতুন হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকায় হজ পালনের সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়াও গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ২০২৭ সালের সরকারি ও বেসরকারি হজ প্যাকেজের বিস্তারিত ঘোষণা করেন।

তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় এবার দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১-এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এ প্যাকেজের আওতায় হজযাত্রীরা মক্কায় হারাম শরিফ থেকে এক হাজার থেকে এক হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের সুবিধা পাবেন। মিনায় জোন-২-এ তাঁবুর ব্যবস্থা, মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫ থেকে ৪০ দিন। অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেড ও স্বল্পমেয়াদি প্যাকেজ নেওয়ার সুযোগও থাকবে।

সরকারি হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে, মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এ তাঁবু বরাদ্দ থাকবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের নীতিমালা অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা করা হবে।

এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

ধর্মমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজ ফ্লাইটের বিমানভাড়া উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে বিমানভাড়া এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, ২০২৩ সালে হজ ফ্লাইটের বিমানভাড়া প্রায় দুই লাখ টাকা ছিল। ২০২৫ সালে তা কমিয়ে এক লাখ ৬৭ হাজার ৮২০ টাকা করা হয়। এবার আরও কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে, যা হজযাত্রীদের ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ধর্মমন্ত্রী আরও জানান, তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সিগুলোকে নিবন্ধন শুরুর আগে সৌদি সরকারের নির্ধারিত ন্যূনতম কোটার ভিত্তিতে গ্রুপ গঠন করতে হবে। সরকার অনুমোদিত সাধারণ হজ প্যাকেজ গ্রহণ বাধ্যতামূলক হলেও গ্রুপভুক্ত এজেন্সিগুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে অতিরিক্ত তিনটি প্যাকেজ ঘোষণা করতে পারবে। তবে সরকার ঘোষিত সাশ্রয়ী হজ প্যাকেজের চেয়ে কম সেবা দিয়ে কোনো প্যাকেজ চালু করা যাবে না।

তিনি আশা প্রকাশ করেন, নতুন প্যাকেজ ও কমানো বিমানভাড়ার ফলে আরও বেশি মানুষ স্বল্প ব্যয়ে ও উন্নত সেবার মাধ্যমে পবিত্র হজ পালন করতে পারবেন।

Please Share This Post in Your Social Media


Leave a Reply

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com