April 18, 2026, 10:52 am
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান। এ সময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাঁকে উষ্ণ স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্ব পালনকারী অনেক কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি পুরনো অনেকের নাম ধরে কাছে ডেকে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন। এ সময় উপস্থিতরা কিছুক্ষণের জন্য ভুলে যান যে তারা দেশের প্রধানমন্ত্রীর এত কাছাকাছি পেয়েছেন।
প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। এরপর মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম (পিএসসি, জি অব.)-সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বিশেষ ডাকটিকিট উন্মোচন করেন।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর গত বুধ ও বৃহস্পতিবার তিনি সচিবালয়ে অফিস করেন। শনিবার সরকারি ছুটির দিন হলেও প্রশাসনে গতিশীলতা আনার লক্ষ্যে তিনি তেজগাঁও কার্যালয়ে অফিস করার সিদ্ধান্ত নেন।
ইএটি