November 21, 2026, 9:52 pm

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

সদ্য শপথ নেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্বে বিএনপির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন সকল নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী, যেখানে সরকারের নীতি-অগ্রাধিকার ও প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে প্রাথমিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাষ্ট্রপতির আমন্ত্রণে দলের মহাসচিব ও সংসদীয় দলের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

নতুন মন্ত্রিসভায় রয়েছে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এছাড়া প্রশাসন ও বিশেষজ্ঞ মহল থেকে তিনজন টেকনোক্র্যাটকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সরকারের নীতি-নির্ধারণে পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রীরা তাদের দপ্তরের দায়িত্ব পেয়েছেন। প্রজ্ঞাপন অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব নিজের কাছে রেখেছেন।

বৈঠকে সরকারের প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে রাজস্ব আদায় বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি খাত সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনও বৈঠকে উপস্থাপন করা হয়। এতে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা, সীমান্ত পরিস্থিতি এবং সাইবার অপরাধ দমনে বিশেষ উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

ইএটি

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com