October 26, 2026, 4:41 pm
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা, আর পুরো দেশ অপেক্ষা করছে ফলাফলের জন্য।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। তবে নির্ধারিত সময়ের মধ্যে যারা ভোটকেন্দ্রের ভেতরে উপস্থিত ছিলেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা।
সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোট নেওয়া হয়। টানা ৯ ঘণ্টা ২৯৯টি আসনে ভোটগ্রহণ চলে। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট শুরু হলেও প্রথম দিকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে দেখা যায়। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অভ্যুত্থানের পর দীর্ঘ দেড় দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে নিজেদের মতামত দিয়েছেন বলে অনেক ভোটার জানিয়েছেন।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯টি স্থানে জালভোট এবং তিনটি জায়গায় ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে তথ্য দেওয়া হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। ভোটের নিরাপত্তা নিশ্চিতে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এক লাখেরও বেশি সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন কেন্দ্রে এখন গণনা কার্যক্রম শুরু হয়েছে। ফলাফল পেতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।