October 25, 2026, 2:32 pm

ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

ছোটখাটো বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দিলেও দিন শেষে এখন সবার চোখ ফলাফলের দিকে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়, দুপুরের পর অনেক কেন্দ্রে দীর্ঘ সারি দেখা যায়।
এবারের নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নারী ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ।
নির্বাচনকে ঘিরে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রায় ৯ লাখ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ১ লাখের বেশি সেনাসদস্য মোতায়েন ছিল। দেশকে নিরাপত্তা বলয়ের আওতায় রেখে ভোটগ্রহণ সম্পন্ন করা হয়।
সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে। এসব কেন্দ্রে ভোটকক্ষ ছিল ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি।
এবারের নির্বাচনে অংশ নেয় ৫০টি রাজনৈতিক দল। প্রতিদ্বন্দ্বিতা করেন ২ হাজার ২৮ জন প্রার্থী। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী ছিলেন ৮৩ জন—দলীয় ৬৩ ও স্বতন্ত্র ২০ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দেয় বিএনপি, তাদের সংখ্যা ২৯১। নিবন্ধিত ১০টি দল কোনো প্রার্থী দেয়নি।
গণভোট ও নির্বাচনে ডাকযোগে পাঠানো ব্যালটও উল্লেখযোগ্য সংখ্যায় পৌঁছেছে। দুপুর পর্যন্ত ১১ লাখ ৪৩ হাজার ৮৪৫টি পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের হাতে আসে। বিদেশে পাঠানো ব্যালটের বড় অংশ ইতিমধ্যে দেশে পৌঁছেছে এবং গ্রহণ করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর মধ্যে ছিলেন ১ লাখ ৩ হাজার সেনাসদস্য, পুলিশ ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন, আনসার ও ভিডিপি ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন, বিজিবি ৩৭ হাজার ৪৫৩ জন, র‌্যাব ৯ হাজার ৩৪৯ জনসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। এছাড়া দায়িত্ব পালন করেন ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
নির্বাচন পর্যবেক্ষণে কাজ করেন ৮১টি দেশি সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক। পাশাপাশি বিভিন্ন দেশ ও সংস্থা থেকে আসেন ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক।
ভোটগ্রহণ শেষ হওয়ায় এখন গণনা শেষে আনুষ্ঠানিক ফল ঘোষণার অপেক্ষায় প্রার্থী ও ভোটাররা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com