October 25, 2026, 2:32 pm
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের পাঠানো ৪ লাখ ২৮ হাজার ৮২৮টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রোববার বেলা ১১টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৪৫০ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ৩ হাজার ৪৪১ জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন।
সালীম আহমাদ খান আরও জানান, এ পর্যন্ত ৪ লাখ ৮৪ হাজার ৭৬৫ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে ৩ লাখ ১৮ হাজার ১২৫টি ব্যালট ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।
প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের (আইসিপিভি) কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত দেশের ভেতরে নিবন্ধিত ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার বেলা ১১টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ৪ লাখ ৪৩ হাজার ৫৪২ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৩ লাখ ৮৮ হাজার ৮৯৮ জন ভোট দিয়েছেন এবং ৩ লাখ ৪৪ হাজার ৮২৬ জন ভোটার তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ৭৭টি ব্যালট বুঝে পেয়েছেন।
সালীম আহমাদ খান জানান, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।