October 26, 2026, 4:41 pm

আজ থেকে মাঠে নামছে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী

আজ থেকে মাঠে নামছে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের পাশাপাশি মাঠে নামছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ মোতায়েন আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এর আওতায় ভোটের আগে ও পরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য বাহিনী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সেনাবাহিনী আগেই মাঠে রয়েছে এবং রোববার থেকে আরও সদস্য যুক্ত হবে। আনুষ্ঠানিকভাবে তারা ভোটের আগে ও পরে মোট সাত দিন দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, “আমরা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক করেছি। তারা সবাই জানিয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য সহায়ক।”

নির্বাচন কমিশনার আরও বলেন, “আমি বর্তমানে রংপুরে অবস্থান করছি। এখানকার পরিবেশ খুবই ভালো। সারাদেশ থেকেই একই ধরনের ইতিবাচক খবর পাচ্ছি।” তবে তিনি উল্লেখ করেন, হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ ও আশপাশের এলাকায় পরিস্থিতি কিছুটা অস্থির হলেও তা দ্রুত স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচন ঘিরে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে কমিশন সতর্ক রয়েছে।

আব্দুর রহমানেল মাছউদ জানান, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যালট বক্স ইতোমধ্যে জেলায় জেলায় পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা সেগুলো গ্রহণ করছেন এবং বর্তমানে সবাই ভোট গ্রহণের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com