October 25, 2026, 2:32 pm
রাজধানীতে চলমান আন্দোলনের মধ্যে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। একই ঘটনায় সংগঠনের দুই নারী নেত্রী জুমা ও শান্তা আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
ইনকিলাব মঞ্চ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানায়। পোস্টে বলা হয়, আন্দোলনরত অবস্থায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন এবং সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকে আঘাত করা হয়েছে।
এ ঘটনার পর সংগঠনটির পক্ষ থেকে আরেকটি ফেসবুক পোস্টে আপাতত কোনো ধরনের জমায়েত না করার আহ্বান জানানো হয়। পোস্টে বলা হয়, “আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। সেই পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানাচ্ছি।”
উল্লেখ্য, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।