October 9, 2026, 8:19 am

রমজানে স্কুল বন্ধের আদেশ : আপিলে যাচ্ছে রাষ্ট্রপক্ষ

রমজানে স্কুল বন্ধের আদেশ : আপিলে যাচ্ছে রাষ্ট্রপক্ষ

রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ।

রোববার (১০ মার্চ) ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, অ্যাটর্নি জেনারেল নির্দেশনা দিয়েছেন হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করার জন্য। আমরা এরইমধ্যে এ বিষয়ে নোট দিয়েছি। আগামীকাল (সোমবার) আপিল বিভাগে আবেদন করা হবে।

এর আগে এদিন দুপুরে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহমুদা খানম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান।

গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে রমজানে ১৫ দিন মাধ্যমিক পর্যায়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালায়ও জানায়, রমজানে ১০ দিন ক্লাস চলবে।

তাদের এমন সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক শিক্ষার্থীর অভিভাবক।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ বা ১৩ মার্চ বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com