October 9, 2026, 2:22 pm

চব্বিশের ৭ জানুয়ারি নির্বাচন

চব্বিশের ৭ জানুয়ারি নির্বাচন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ভোটগ্রহণের তারিখ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এদিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়া শুরু করেন সিইসি। ভাষণে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেন তিনি।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

নির্বাচনকালীন সরকার কী হবে, তা নিয়ে রাজনৈতিক সমঝোতা এখনো হয়নি। বিএনপি বর্তমান সরকারের অধীন নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে। বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলো সরকারের পদত্যাগের দাবিতে হরতাল, অবরোধ কর্মসূচি পালন করছে। সংঘাতময় এ রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেন সিইসি।

সংবিধানের অনুচ্ছেদ ১২৩ দফা (৩) উপদফা (ক)-এর বরাতে এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন সিইসি। জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আগে বিকেল পাঁচটায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠক করেন নির্বাচন কমিশনাররা। সেখানে নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করতে হয়। চলতি সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ২৯ জানুয়ারি। এর আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা আছে।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটারসংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২।

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে সকাল থেকে নির্বাচন ভবনে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার শুধু নির্বাচন কমিশনের সামনে পুলিশি নিরাপত্তা থাকলেও আজ সকাল থেকে পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে নির্বাচন ভবনের ভেতরেও দর্শনার্থীদের বিষয়ে কড়াকড়ি রয়েছে।

এদিকে রাজনৈতিক মহলে শঙ্কা করা হচ্ছিল– তিন প্রধান রাজনৈতিক দলকে সংলাপে বসানোর জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগ তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে। সংলাপ চেয়ে চিঠি দেওয়ার বিষয়ে রবিবার (১২ নভেম্বর) ঢাকায় মার্কিন দূতাবাস থেকে জানানোর পরদিন ইসি জানিয়ে দেয়, মার্কিন চিঠিতে তফসিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে না।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com