August 27, 2026, 6:33 pm

ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু করেছে বিএনপি : ওবায়দুল কাদের

ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু করেছে বিএনপি : ওবায়দুল কাদের

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি দাবি করেছেন, ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিতে বিশ্বের বিভিন্ন স্তরের দেড় শতাধিক ব্যক্তি যে বিবৃতি দিয়েছেন, এতে দুই মিলিয়ন ডলার খরচ হয়েছে। এত টাকা ড. ইউনূস কোথায় পেয়েছেন, সে প্রশ্নও তোলেন তিনি।

বুধবার (৩০ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী পালন করতে সচিবালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ ও বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুলরা আন্দোলন করে গোলাপবাগের গরুর হাটে হোঁচট খেয়েছেন। আন্দোলন এখন আর জমে না। বাজারে ভাটা পড়েছে। এমতাবস্থায় ড. ইউনূসকে নিয়ে আবার নতুন খেলা শুরু করেছেন তারা। বিএনপি ওয়ান-ইলেভেনের দুঃস্বপ্ন দেখছে। আন্দোলন করে শেখ হাসিনাকে হটাতে পারলেন না। কীভাবে হটাতে হবে? ওয়ান-ইলেভেনের মতো ড. ইউনূসের নেতৃত্বে একটি নতুন সরকার হবে, এমন কথাবার্তায় বাজার সরগরম রয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপি সেই দুঃস্বপ্ন দেখছে কি না, জানি না। ওয়ান-ইলেভেনে ইউনূস কম চেষ্টা করেননি। তখনও তার খায়েশ ছিল, সেই খায়েশ পূর্ণ হয়নি। বাংলাদেশকে নিয়ে বিশ্বের অনেক মোড়লের অনেক স্বপ্ন রয়েছে। যারা ইউনূসের মামলা স্থগিত করতে বলেন, মামলা কীভাবে স্থগিত হবে? মামলার কাগজপত্র, দলিল-দস্তাবেজ ঠিক আছে কি না, দেখুন। আপনারা হাওয়ায় একটি বিবৃতি ছেড়ে দিলেন। আবার এর সঙ্গে একটু দ্বিধা লাগে, যখন অবাধ-সুষ্ঠু নির্বাচনের দাবি করা হয়। তারা বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে চান। বাংলাদেশে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে ভন্ডুল করতে নতুন প্ল্যাটফর্ম করতে চান। পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের মাটিতে এই অশুভ খেলা আমরা খেলতে দেব না।’

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com