August 27, 2026, 6:33 pm
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘রক্ত দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি, সেই বাংলাদেশকে পাকিস্তান হতে দেওয়া হবে না। বিএনপির কাছে বাংলাদেশ ভালো নয়, বিএনপির কাছে পাকিস্তানই ভালো। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা ঠিক হয়নি। যার কাছে পাকিস্তানই ভালো লাগে, এখানে কেন থাকেন, আপনি পাকিস্তানে চলে যান। পাকিস্তানে গিয়ে দেখেন কেমন স্বাদ। কিন্ত আমরা পাকিস্তান বানাতে দেব না। এতে যদি শেখ হাসিনার আরও ১০ বছর ক্ষমতায় থাকা লাগে, থাকবে। কিন্তু আপনারা পাকিস্তান চেয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। বাংলাদেশে পাকিস্তানের কোনো অস্তিত্ব নেই। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ।’
বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শহীদ মিনারে কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভায় প্রধান আলোচক হিসেবে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘আল্লাহ আমাকে অনেক কিছুই দিয়েছেন। যারা ক্ষমতায় আছেন, ক্ষমতা ছেড়ে দিয়ে রাস্তায় আসুন। আপনাদের কয়জনকে সালাম দেয়, আর আমাকে কয়জন সালাম দেয়। সেজন্য আমি আর কিছু চাই না। আমি মানুষের সেবা করতে চাই। যে দেশ স্বাধীন করেছিলাম, সেই দেশের মানুষ যাতে নিরাপদে থাকে। আমি মুক্তিযুদ্ধ করেছিলাম, তখন আমার বয়স ২৫ বছর। তখন আমার মনে হয়েছিল যদি আমার মা ও বোনের সম্মান রক্ষা করতে না পারি, তাহলে আমার মরে যাওয়া ভালো। আমি সেজন্য পাকিস্তানিদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আজকে আমার মায়েরা, বোনেরা, আমার সন্তানেরা কেউ নিরাপদে নেই। সেজন্য আমি চাই এ দেশ হবে মানুষের দেশ।’
এদিন একই মঞ্চে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে ছিলেন তার দুই ভাই সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য শামীম আল মনসুর (আজাদ সিদ্দিকী)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবদুল লতিফ সিদ্দিকী। কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য এ এইচ এম আব্দুল হাইয়ের সভাপতিত্বে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতিক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু প্রমুখ বক্তব্য দেন। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।