October 10, 2026, 6:54 pm

সর্বজনীন পেনশনে প্রথম কিস্তি দিয়েছেন ৮ হাজার মানুষ

সর্বজনীন পেনশনে প্রথম কিস্তি দিয়েছেন ৮ হাজার মানুষ

উদ্বোধনের প্রথম সাতদিনে সর্বজনীন পেনশন স্কিমে ভালোই সাড়া মিলেছে। বুধবার (২৩ আগস্ট) পর্যন্ত মোট ৮ হাজার ৪১ জন পেনশনের প্রথম কিস্তি জমা দিয়েছেন, যার পরিমাণ প্রায় তিন কোটি ৯০ লাখ টাকা।

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা বলেন, পেনশন গ্রহণে মানুষের বেশ সাড়া মিলছে। বুধবার পর্যন্ত ৮ হাজার ৪১ জন চাঁদা জমা দিয়েছেন। জমা হওয়া চাঁদার পরিমাণ ৩ কোটি ৯০ লাখ টাকা।

কতজন আবেদন করেছেন জানতে চাইলে তিনি বলেন, যারা টাকা জমা দিয়েছেন তাদেরকেই গণনা করা হচ্ছে। যারা টাকা জমা না দিয়ে শুধু আবেদন করছে তাদেরকে গননা করে লাভ নেই।

তবে পেনশন কর্তৃপক্ষ মনে করে কতজন আবেদন করেছেন সেটা বড় কথা নয়। বরং কত জন পেনশন সুবিধা বা স্কিম গ্রহণ করেছে সেটাই বড় কথা, কারণ তাদের টাকাই সরকারি হিসাবে জমা হচ্ছে।

গত ১৭ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সর্বজনীন পেনশনের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। প্রতিটি মানুষ চাইলে পেনশনে আওতায় আসতে পারবেন। এতদিন যা শুধু সরকারি ও স্বায়ত্বশাসতি প্রতিষ্ঠান এবং হাতেগোনা কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ভোগ করতেন। পেনশন আওতায় আসতে করতে হবে নিবন্ধন ও আবেদন। এর জন্য কিছু নিয়ম-কানুন ও নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে। এজন্য অনলাইন সিস্টেম ২৪ ঘণ্টাই খোলা রয়েছে। তবে, কেউ অনলাইনে পেনশন স্কিমের জন্য নিবন্ধন করতে ব্যর্থ হলে সোনালী ব্যাংকের যেকোনো শাখায়ও তা করা যাবে।

প্রাথমিকভাবে চার ধরনের নাগরিকের জন্য প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী– এ চার প্রকারের প্যাকেজ রাখা হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট ব্যবহার করে সোমবার পর্যন্ত ছয় হাজারের বেশি গ্রাহক প্রথম কিস্তি পরিশোধ করেছেন। এতে পেনশন কর্তৃপক্ষের হিসাবে মোট চাঁদা জমা হয়েছে ৩ কোটি টাকার বেশি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com