August 27, 2026, 6:33 pm
কক্সবাজারের পেকুয়ায় মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা শেষে পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও ২৮ জন। এ সময় পুলিশের গাড়িসহ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, চকরিয়া সরকারি হাইস্কুল মাঠে সাঈদীর গায়েবানা জানাজার পূর্ব ঘোষণা দেওয়া হয়। কিন্তু অনুমতি না থাকায় পুলিশ সেখানে জানাজা পড়তে দেয়নি। কিন্তু হঠাৎ করে বিকাল সাড়ে ৪ টায় কয়েক হাজার লোক চকরিয়া পৌরসভার লামার চিরিংগা এলাকায় জড়ো হয়ে জানাজা শুরু করে। এসময় অজ্ঞাত মুখোশধারী অর্ধশত লোক গিয়ে গুলি বর্ষণ শুরু করে। যেখানে জানাজা পন্ড হয়ে গেলে অজ্ঞাত লোকজন গুলি বর্ষণ করতে করতে লাঠি দিয়ে কয়েকজনকে মারধর করে। পুলিশ আসার আগেই এসব লোকজন পালিয়ে যায়। পরে জানাজায় আসা লোকজন ইটপটকেল নিক্ষেপ করে। এসে পুলিশের একটি গাড়ি ও চলাচলরত অপর একটি গাড়ি ভাংচুর করা হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, নিষেধ করা সত্বেও স্থান পরিবর্তন করে গায়েবানা জানাজা পড়ে তারা। পরে মিছিল নিয়ে পৌরশহরের মহাসড়কে পুলিশের উপর হামলা চালায়। ভাংচুর করা হয় পুলিশ ও পাবলিকের গাড়ী। জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
মৃত্যুর ব্যাপারে ইউএনও বলেন, হয়ত নিজেদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে হতাহত হতে পারে। তা তদন্ত করা হবে।