July 11, 2026, 7:21 am

ক্রয় কমিটিতে ৫২৪৪ কোটি টাকার ১৭ প্রস্তাব অনুমোদন

ক্রয় কমিটিতে ৫২৪৪ কোটি টাকার ১৭ প্রস্তাব অনুমোদন

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৫০ হাজার মেট্রিক টন গম, এক কার্গো এলএনজি ও ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানি এবং ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়সহ ১৭ ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।এতে ব্যয় হবে ৫ হাজার ২৪৪ কোটি ৪৪ লাখ টাকা।

বুধবার (৯ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ভার্চুয়াল সভায় ক্রয় প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়।

সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান।

তিনি বলেন, আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৭তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভা হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ৪টি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১৭টি প্রস্তাব উপস্থাপন করা হয়।ক্রয় কমিটির প্রস্তাবগুলোর মধ্যে স্থানীয় সরকার বিভাগের ৩টি, বিদ্যুৎ বিভাগের ৩টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ৩টি, কৃষি মন্ত্রণালয়ের ২টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১টি, খাদ্য মন্ত্রণালয়ের ১টি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি, নৌপরিবহন মন্ত্রণালয়ের ১টি এবং সেতু বিভাগের ১টি প্রস্তাব ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ১৬টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৫ হাজার ২৪৪ কোটি ৪৪ লাখ ১ হাজার ৩৫২ টাকা।

অতিরিক্ত সচিব বলেন.‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন-২০২১’-এর আওতায় স্পট মার্কেট থেকে (২০২৩ সালের ১৮তম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে কমিটি। স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত ২১টি প্রতিষ্ঠানের সঙ্গে মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) চুক্তি চূড়ান্ত করা হয়। পেট্রোবাংলা কর্তৃক ১ কার্গো এলএনজি সরবরাহের জন্য ২১টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হলে ৩টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে যা রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব প্রক্রিয়াকরণ কমিটির (পিপিসি) সুপারিশে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সুইজারল্যান্ড ভিত্তিক মেসার্স টোটাল ইঞ্জিনিয়ার্স গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড এক কার্গো এলএনজি সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউ ১১.১৭ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৪৭৮ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার ৯৩৬ টাকা।

তিনি বলেন,আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-১ এর আওতায় ৫০ হাজার (+৫%) মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। ৫০ হাজার (+৫%) মেট্রিক টন গম আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ৬টি দরপত্র জমা পড়ে যা রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরের মেসার্স অ্যাগ্রোকরপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এই গম সরবরাহ করবে। প্রতি মেট্রিক টনের দাম ২৯৭.৪৭ মার্কিন ডলার হিসেবে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানিতে ব্যয় হবে ১ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার ৫০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৬২ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার ২৫০ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, ‘জার্মানির বার্লিনে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্পের পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ৫টি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। তার মধ্যে ৩টি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি ম্যাবকো কন্সট্রাকশন এস.এ সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১ কোটি ২৮ লাখ ৯ হাজার ৭৩৩ ইউরো সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৪৫ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার ৯৭ টাকা।

তিনি বলেন, ‘কক্সবাজার জেলার মহাপরিকল্পনা প্রণয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের জন্য একক উৎসভিত্তিক পদ্ধতিতে বাংলাদেশ সেনাবাহিনীর কন্সট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট প্রতিষ্ঠানের কাছে রিকোয়েস্ট ফর প্রপোজাল আহ্বান করা হলে তারা প্রস্তাব দাখিল করে। পিইসি কর্তৃক প্রস্তাবটি নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হিসেবে কন্সট্রাকশন সুপারভিশন কনসালট্যান্টকে নিয়োগ দেওয়া হয়। এজন্য ব্যয় হবে ১৫৪ কোটি ৯৫ হাজার টাকা।

সভায় ‘চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনালসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ প্যাসেঞ্জার টার্মিনালের উন্নয়নের পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের পূর্ত কাজের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ২টি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। ২টি প্রস্তাবই কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান তমা কন্সট্রাকশন কো. লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৬১ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৮৪৭ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, ‘কচুয়া-বেতাগী-পটুয়াখালী-লোহালিয়া-কালাইয়া সড়কের পায়রা নদীর ওপর সেতু নির্মাণ’ প্রকল্পের পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের পূর্ত যৌথভাবে স্যামওয়ান এবং মীর আকতারের সঙ্গে ৬৪০ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার ৮৪৫ টাকায় ক্রয়ের চুক্তি হয়। চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় সেতুর অ্যালাইনমেন্ট পরিবর্তন হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৯৯ কোটি ২৬ লাখ ১৫ হাজার ৪০৭ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com