August 3, 2026, 9:02 pm

ঢাকায় মশা মারতে ১৬১ কোটি টাকা বাজেট

ঢাকায় মশা মারতে ১৬১ কোটি টাকা বাজেট

ঢাকা শহরের মশা মারতে ১৬১ কোটি টাকা বাজেট দিয়েছে দুই সিটি করপোরেশন। এ খাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রায় ৪৭ কোটি টাকা বাজেট রেখেছে। সোমবার (৩১ জুলাই) বিকালে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বরাদ্দের বিষয়টি জানানো হয়।

ডিএসসিসির ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা উপলক্ষে এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মশকনিধনে ১১৪ কোটি টাকা বরাদ্দ রাখার কথা জানিয়েছিলেন মেয়র আতিকুল ইসলাম।

সোমবার মেয়র তাপস জানান, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে মশকনিধনে ৪৬ কোটি ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কীটনাশক ও যন্ত্রপাতি কেনা ও পরিবহনে এই টাকা ব্যয় করা হবে। এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রমে বরাদ্দ রাখা হয়েছে ৩০ কোটি টাকা।

ঢাকা দক্ষিণ সিটির ২০২২-২৩ অর্থবছরের বাজেটে মশক নিয়ন্ত্রণ বাবদ মোট ৩০ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছিল। সংশোধিত বাজেট অনুযায়ী এ খাতে ব্যয় হয় ৩১ কোটি ১০ লাখ টাকা। এর মধ্যে মশকনিধনে ব্যবহৃত কীটনাশকে ২৯ কোটি ৩২ লাখ টাকা এবং ফগার, হুইল, স্প্রে মেশিন ও পরিবহন খাতে ব্যয় হয় ১ কোটি ৭৫ লাখ টাকা। এ ছাড়া মশক যন্ত্রপাতি ক্রয়ে দুই কোটি বরাদ্দ রাখলেও ব্যয় হয় মাত্র তিন লাখ টাকা।

এবারের বাজেটে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের মধ্যে মশার ওষুধ কেনার পেছনে বরাদ্দ ৩৮ কোটি ৫০ লাখ টাকা। আর ৩ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে ফগার, হুইল, স্প্রে মেশিন ও পরিবহন খাতে। মশক যন্ত্রপাতি ক্রয়ে বরাদ্দ রয়েছে সাড়ে চার কোটি টাকা।

এদিকে খাল, জলাশয়, নর্দমা ইত্যাদি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে বরাদ্দ রাখা হয়েছে ৩০ কোটি টাকা। গত অর্থবছরে এ খাতে ১৫ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও ব্যয় হয়েছে ২৯ কোটি ১৯ লাখ টাকা।

সংবাদ সম্মেলন মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ঢাকাবাসীর জীবনযাত্রায় মশক বিশেষত এডিস মশার বিস্তার অন্যতম এক প্রতিবন্ধকতা। তাই দায়িত্বভার গ্রহণের পর মশক নিয়ন্ত্রণ কার্যক্রম ও ব্যবস্থাপনায় আমরা আমূল পরিবর্তন এনেছি। শুরু করা হয়েছে বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম। নতুন এই কার্যক্রমের আওতায় পর্যাপ্ত লোকবল নিয়োগ, মানসম্পন্ন কীটনাশক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা এবং মাঠ পর্যায়ে সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।’

২০২৩-২৪ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই অর্থবছরে ৬ হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, করপোরেশনের বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com