July 11, 2026, 5:16 pm

আবারও অস্থির চিনির বাজার, কেজি ১৪০ টাকা

আবারও অস্থির চিনির বাজার, কেজি ১৪০ টাকা

আবার চিনির বাজার অস্থির। কৃত্রিম সংকট তৈরি করে মাত্র দুদিনের ব্যবধানে কেজি প্রতি চিনির মূল্য ৫ থেকে ১০ টাকা বাড়িয়েছে বড় ব্যবসায়ীরা।

রাজধানীর রামপুরা কাঁচাবাজার, মালিবাগ, মেরুল এবং মধ্য বাড্ডা এলাকার দোকানগুলো ঘুরে দেখা গেছে এসব বাজারে চিনি বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজিতে। আর সুপারশপগুলোতে বিক্রি হচ্ছে ১৩৫ টাকা কেজিতে।

খুচরা দোকানদারদের দাবি চিনি পাওয়া যাচ্ছে না, তাই হঠাৎ করে চিনির দাম বেড়েছে। তারা বলেন, ঈদের আগে যে চিনি বিক্রি করেছি ১১৫ থেকে ১২০ টাকা কেজি দরে। সেই চিনি আজ কিনতে হচ্ছে ১৩৪ টাকা কেজিতে। খরচসহ এখন বিক্রি করতে হচ্ছে ১৪০ টাকা কেজিতে। তাই অনেকে ঈদের পর থেকে চিনি বিক্রি বন্ধ করে দিয়েছেন।

পাশের আরেক ব্যবসায়ী শাহজাহান বলেন, ঈদের সময় অল্প কিছু চিনি ছিল। এগুলো ১৩৫ টাকা কেজিতে বিক্রি করেছি। গত এক সপ্তাহ ধরে চিনি নেই। কাস্টমার আসে ঘুরে যায় কিন্তু চিনি দিতে পারি না। কোম্পানি বেশি দাম ছাড়া চিনি দেয় না, তাই বিক্রি বন্ধ করে দিয়েছি।

বাজারে আসা ক্রেতা ছাদেকুজ্জামান টিটু বলেন, ৫টি দোকান ঘুরেছি কিন্তু চিনি পেলাম না। কী অভুত কাণ্ড, দামও বেশি, ঘুরতেও হচ্ছে বেশি, তাও চিনি পাচ্ছি না। তিনি বলেন, শুনেছি দাম বেড়েছে তাই দোকানদাররা চিনিও রাখছেন না।

মালিবাগ বাজারের ব্যবসায়ীরাও একই সুরে কথা বললেন। বরিশাল জেনারেল স্টোরের কর্মকর্তা সুজন বলেন, চিনির কেজি ১৪০ টাকা, তার কমে কোথাও পাবেন না। প্যাকেট চিনির দাম কত? তার উত্তরে তিনি বলেন, প্যাকেটজাত চিনি বাজারে নেই।

এদিকে হঠাৎ করে চিনির বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ার কারণ খতিয়ে দেখতে ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন। বুধবার দুপুরে বৈঠক অনুষ্ঠিত হবে।

ট্যারিফ কমিশনের অত্যাবশ্যকীয় পণ্য বিপণন মনিটরিং সেলের সহকারী প্রধান মাহমুদুল হাসান বলেন,চিনির অস্বাভাবিক দাম বৃদ্ধির বিষয় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বসবে ট্যারিফ কমিশন।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল সরকার খোলা বাজারে চিনির দাম ৩ টাকা কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করে। এর আগে সরকার নির্ধারিত দাম ছিল ১০৭ টাকা, কিন্তু বাজারে পাওয়া যেত ১১৫ থেকে ১২০ টাকায়।

৬ এপ্রিল দাম কমানোর পর থেকে বড় কোম্পানি ও ব্যবসায়ীরা চিনি সরবরাহ সীমিত করে দেয়। এতে চিনির দাম বেড়েছে। শুধু তাই নয়, বড় ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীদের চিনি কেনার সময় কোনো রসিদও দিচ্ছেন না। সর্বশেষ মঙ্গলবার বাজারে খোলা চিনি ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ ব্যবসায়ীরা সরকারি নির্দেশ অমান্য করে ১৪০ টাকা কেজিতে চিনি বিক্রি করছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com