October 10, 2026, 8:03 pm

মার্কেটে আগুন নাশকতা কি না, খতিয়ে দেখতে বললেন প্রধানমন্ত্রী

মার্কেটে আগুন নাশকতা কি না, খতিয়ে দেখতে বললেন প্রধানমন্ত্রী

বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কি না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়াতে হবে।

অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে কিনা তা খতিয়ে দেখতে হবে। সকলকে আরো বেশি সচেতন থাকতে হবে। সকলের নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে।

সরকারের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের আগুন নেভানোর সময় অযথা ভিড় করা যাবে না। কোন প্রকার বাধা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মনোনয়ন সভায় চূড়ান্ত হবে ৫ সিটির প্রার্থী

আওয়ামী লীগের মনোনয়ন সভায় গাজীপুর, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী সিটি করপোরেশনে নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়া পাঁচ পৌরসভার মেয়র এবং তিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নিজেদের প্রার্থীও চূড়ান্ত করবে আওয়ামী লীগ।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৫ মে। খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোট হবে ২১ জুন। এসব ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে।

গত ৯ এপ্রিল থেকে বুধবার বিকাল ৫টা পর্যন্ত পাঁচ সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভার মেয়র এবং তিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এরই মধ্যে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। এসব আসনে নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত করা হবে আজকের মনোনয়ন বোর্ড সভায়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com