October 10, 2026, 9:32 pm
দেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন সাবেক জেলা ও দায়রা জজ মো. সাহাবুদ্দিন চুপ্পু। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যও।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে তার নামে মনোনয়ন ফরম তুলেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি টিম।
ফলে সবকিছু ঠিক থাকলে প্রক্রিয়া অনুসরণ করে দেশের ২২তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু। তিনি বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের উত্তরসূরি হবেন।
এর আগে ২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় বারের মতো রাষ্ট্রপতির দায়িত্বভার নেন মো. আবদুল হামিদ। সেই অনুযায়ী তার পাঁচ বছরের মেয়াদ ২৩ এপ্রিল শেষ হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষদিন আজ রোববার। এদিন বিকেল ৪টার মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র দাখিল করতে হবে। এরপর সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। পরদিন মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত প্রত্যাহার করা যাবে মনোনয়নপত্র।