May 31, 2026, 3:04 am
করোনা মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে কিনা তা শিক্ষা মন্ত্রণালয় দু’একদিনের মধ্য জানাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ সোমবার (০৯ নভেম্বর) দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সীমিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানিয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এই সভায় যোগ দেন।
আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, এর পরে কি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে আপনাদেরকে। কাল-পরশু জানাবে।
প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, খুলনা ডিভিশন থেকে একটা স্ট্রং অ্যাকশন (মোবাইল কোর্ট পরিচালনা) নেওয়া হচ্ছে, আমরাও চারদিকে সবাইকে বলেছি। প্রধানমন্ত্রীও এটাতে রাজি হয়েছেন এবং স্বাগত জানিয়েছেন। কিছু কঠোর পদক্ষেপে যেতে হবে। এখন পর্যন্ত আমরা কমফোর্টেবল জোনের মধ্যে আছি।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা একটু বেশি করে প্রচার করবেন যাতে সবাই গুরুত্ব দেয়।
করোনার কারণে গত ১৭ মার্চ থেকে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি রয়েছে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এর আগে জানিয়েছেন পরিস্থিতি অনুকূলে আসলে খোলা হবে। তবে ১৪ নভেম্বরের পর আংশিকভাবে খোলার পরিকল্পনা রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।