August 29, 2026, 9:18 pm

৭ ডিসেম্বর থেকে পুঁজিবাজারে এনার্জিপ্যাকের আইপিও আবেদন শুরু

৭ ডিসেম্বর থেকে পুঁজিবাজারে এনার্জিপ্যাকের আইপিও আবেদন শুরু

সাধারণ বিনিয়োগকারীর কাছ থেকে অর্থ সংগ্রহের লক্ষ্যে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

পুঁজিবাজার থেকে কোম্পানিটি ১৫০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে প্রাথমিক অবস্থায় আগামী ৭ ডিসেম্বর থেকে আইপিও আবেদন গ্রহণ করবে। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

পুঁজিবাজারে আসার লক্ষ্যে ইতোমধ্যে বুক বিল্ডিংয়ের মাধ্যমে ৫০ শতাংশ অর্থ সংগ্রহ করার প্রক্রিয়া শেষ করেছে কোম্পানিটি। এখন ৫০ শতাংশ শেয়ারের জন্য সাধারণ বিনিয়োগকারীরা আবেদন করবেন।

এর আগে যোগ্য বিনিয়োগকারীরা বিডিংয়ে কাট অফ প্রাইস ৩৫ টাকা নির্ধারণ করেন। সাধারণ বিনিয়োগকারীরা সেই প্রাইস থেকে ১০ শতাংশ কমে শেয়ার কিনবেন।

পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি এলপিজি প্রকল্পের ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ ব্যয় করবে।

গত বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় কোম্পানিটিতে সাধারণ বিনিয়োগকারীদের আবেদন করার জন্য অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরে সমন্বিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) দাঁড়িয়েছে ৪৫.১৫ টাকা এং শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) দাঁড়িয়েছে ৩০.২০ টাকায়।

এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.১৩ টাকা। উল্লেখ্য, বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.২১ টাকা।

গত ৬ আগস্ট বিএসইসি কোম্পানিটিকে যোগ্য বিনিয়োগকারী তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির জন্য নিলাম অনুষ্ঠানের অনুমতি দেয়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com