October 17, 2026, 5:31 am

ইজতেমার আখেরি মোনাজাত : মধ্যরাত থেকে বন্ধ থাকবে ৩ সড়ক

ইজতেমার আখেরি মোনাজাত : মধ্যরাত থেকে বন্ধ থাকবে ৩ সড়ক

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রোববার (১৫ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে লাখ লাখ মানুষের সমাগম হবে ইজতেমায়। এজন্য শনিবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে তিনটি সড়ক ও মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

শনিবার (১৪ জানুয়ারি) সকালে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে পুলিশ কন্ট্রোল রুমে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জিএমপি কমিশনার বলেন, কামারপাড়া রোড, টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা এবং আব্দুল্লাহপুর ব্রিজ থেকে বাইপাইল রোড বন্ধ থাকবে। সেক্ষেত্রে এ রোডের ঢাকাগামী যাত্রীরা নবীনগর হয়ে গাবতলী এবং গাজীপুর ভোগরা থেকে মিরের বাজার হয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করবে। তবে একাধিক স্পেশাল ট্রেন চলমান থাকবে। ঢাকা থেকে যারা ইজতেমায় আসতে চান তারা ট্রেন ব্যবহার করতে পারবেন।

মোল্যা নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। সাদা পোশাক, পোশাকধারীসহ প্রতিটি খিত্তায় আমাদের লোক রয়েছে। এছাড়াও সিসি ক্যামেরা, ড্রোনসহ বিভিন্ন মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছেন।

ইজতেমায় পকেটমার ও ছিনতাইকারীদের দৌরাত্ম্যের বিষয়ে জিএমপি কমিশনার বলেন, ১ম দিনে ১৪ জনসহ এখন পর্যন্ত ১৭ জনকে আটক করা হয়েছে। আশা করছি এই সমস্যা আজ থাকবে না।

তিনি আরও বলেন, আগামীকাল বেলা ১১টার মধ্যে আখেরি মোনাজাত করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে মোনাজাত কে করবেন সেটা মুরব্বিদের সঙ্গে কথা বলে জানিয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com